পল্টনে ডিসি অফিসে ঢুকে কনস্টেবলের গায়ে ধরিয়ে দেয়া হলো আগুন

কনস্টেবল পিয়ারুল ইসলাম (৩৫) অন্যদিনের মত গতকাল রবিবার তার কর্মস্থল পল্টনে উপ-পুলিশ কমিশনারের (ডিসি, ট্রাফিক পূর্ব জোন) কার্যালয়ে যান। বিকালে হঠাত্ একদল দুর্বৃত্ত ওই কার্যালয়ে ঢুকে পিয়ারুলকে লক্ষ্য করে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ডিসির পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় পুরো কার্যালয়টি। এ সময় কার্যালয়ের সামনে দায়িত্বরত সার্জেন্ট রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল আনোয়ার হোসেনকে (২৫) রাস্তায় ফেলে পেটাতে থাকে দুর্বৃত্তরা। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অগ্নিদগ্ধ পিয়ারুল ও আহত অপর দুই সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পিয়ারুল এখন ওই হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি। বাকি দুই জনকে ক্যাজুয়েলটি বিভাগে ভর্তি করা হয়েছে। পিয়ারুলের দেহের বেশির ভাগ অংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিত্সকরা জানিয়েছেন পিয়ারুলের খাদ্য নালী পুড়ে গেছে। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।