রানা প্লাজার মালিকসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৭
সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় ভবন মালিক সোহেল রানা, নিউ ওয়েভ স্টাইল গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ আদনানসহ তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই ভবন ধসে নিহত শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার বাদি হয়ে গতকাল রবিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখ বাদির বক্তব্য গ্রহণ করে ভবন ধসের ঘটনায় করা আগের একটি মামলার সঙ্গে এই মামলার অভিযোগ তদন্ত করার নির্দেশ দেন। রানা ও আদনান ছাড়াও এই মামলার অপর আসামি হলেন সাভার পৌরসভার প্রধান প্রকৌশলী।
মামলার অভিযোগে বলা হয়, বাদির স্বামী মৃত জাহাঙ্গীর আলম রানা প্লাজার ৮ তলায় অবস্থিত নিউ ওয়েভ স্টাইল লিমিটেড এ কর্মরত ছিলেন। গত ২৩ এপ্রিল রানা প্লাজায় ব্যাপক ফাটল দেখা দিলে ওই ভবনে কর্মরত গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয় ও এ সময় ভবনে কর্মরত শ্রমিকরা হুড়াহুড়ি করে নামতে গিয়ে অনেক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়। পরবর্তীতে গত ২৪ এপ্রিল ঘটনার দিন সকাল ৮ টার সময় অন্যান্য আসামিদের সহায়তায় প্লাজার মালিক সোহেল রানা গার্মেন্টস এর নিরীহ শ্রমিকদের কাজে যোগদান না করলে বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার হুমকি ও ভয়ভীতি দিয়ে শ্রমিকদের মৃত্যু নিশ্চিত জেনেও তাদের কাজে যোগদানে বাধ্য করেন। শ্রমিকরা কাজে যোগদানের ৫ মিনিটের মধ্যে ভবনটি ধসে পড়ে, ফলে বাদিনীর স্বামীসহ প্রায় ১০০০ জনের প্রাণহানি ঘটে। মামলায় বলা হয়, আসামিরা বাদিনীর স্বামী ও অন্যান্য শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতাদি যাতে আর দিতে না হয় সেই পরিকল্পনা অনুযায়ী পরিকল্পিতভাবে একত্রে মিলিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। মামলার অভিযোগে আরো বলা হয়, মামলার ১ নম্বর আসামি সোহেল রানা। ইতিমধ্যে তিনি হুমকি দিয়েছেন যে, কারাগার থেকে বেরিয়ে বাদিনী ও অন্যদের উচিত্ শিক্ষা দিবেন যা বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত। বাদির পক্ষে অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন ও মো. নাজিম ও সরকার পক্ষে অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর মামলা পরিচালনা করেন ।
আনোয়ারুল কবির বলেন, দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ৫০৬ ধারায় এই অভিযোগটি দায়ের করা হয়েছে। তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় অপরাধমূলক হত্যাচেষ্টা এবং ইমারত নির্মাণ আইনে পৃথক দুটি মামলা হয়। এরমধ্যে হত্যাচেষ্টা মামলার সঙ্গে এ অভিযোগটি তদন্তের আদেশ দেন আগের মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মীর শাহেন শাহ পারভেজকে।