চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মীদের সড়ক অবরোধ
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৭
হেফাজতে ইসলামের ঢাকা ঘেরাও কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটলেও চট্টগ্রাম মহানগরীর পরিস্থিতি শান্ত ছিল। রাজধানীতে প্রতিপক্ষের হাতে একজন দলীয় কর্মী নিহত হওয়ার সংবাদে হেফাজত কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করলেও চট্টগ্রাম মহানগরীতে তারা মাঠে নামেনি। তবে বিকালে হাটহাজারী উপজেলা সদর এলাকায় সড়ক অবরোধ করে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ কর্মীরা। আছর নামাজের পর কয়েক হাজার হেফাজত কর্মী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, কলেজ গেট, বাজার ও হাটহাজারী মাদরাসার সামনের রাস্তায় অবস্থান নেয়। এর ফলে রাঙামাটি ও খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় হেফাজত কর্মীরা খণ্ড-খণ্ড মিছিল করে ঢাকায় তাদের কর্মীর হত্যাকারীদের বিচার দাবি করে এবং ১৩ দফা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানায়। এ সময় চট্টগ্রাম, খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালে গাড়ি ভাংচুরসহ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। হেফাজত কর্মীদের অনুরোধে বিভিন্ন গাড়ির চালকরা স্থানীয় পার্বতী স্কুল মাঠে তাদের গাড়ি রাখেন। রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল।