৮ মে মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা নিষিদ্ধ
এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৮
দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহত্ কৃত্রিম জলধারা ও বাংলাদেশের প্রধান মত্স্য উত্পাদন ক্ষেত্র কাপ্তাই হ্রদে মাছধরা ও পোনামাছ নিধন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৮ মে মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি কাপ্তাই হ্রদ পরিচালনা বিষয়ক কমিটির এক সভায় এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও জেলা প্রশাসন যৌথভাবে এ ব্যবস্থা গ্রহণ করেছে।
কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি এবং উত্পাদন বাড়াতে প্রতিবছর চলতি মৌসুমে অনির্দিষ্টকালের জন্য সবধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে হ্রদের অভয়াশ্রমগুলোতে অবমুক্ত করা হয় কার্প ও সিলভার কার্প জাতীয় মাছের পোনা। চলতি মৌসুমে আগামী ৮ মে দিবাগত রাত ১২টা ১মিঃ থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হ্রদে সবধরনের মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে।