বরিশালে ফাটল ধরে হেলে পড়েছে পাঁচ তলা ভবন

নগরীর করিমকুটির এলাকার মেজর এম এ জলিল সড়কের শেখ নিবাস নামের ৫তলা ভবন গতকাল ফাটলের পর হেলে পড়েছে। হেলে পড়া ভবন থেকে সকল অফিস ও বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। ২০১২ সালের ১৫ অক্টোবর এ বহুতল ভবনের ৩য় তলা নির্মাণের সময় ফাটল দেখা দিলে ভবন মালিক নূরুল ইসলাম তা ধামাচাপা দিয়ে ৫তলা ভবন নির্মাণ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সকাল থেকে এ ভবন হেলে পড়তে থাকলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ভবনে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, মাতৃছায়া বীমাসহ বিভিন্ন অফিস ও বাসা থেকে আতংকিত লোকজন নেমে পড়ে। এরপর তারা তাদের মালামাল নামানো শুরু করে। পার্শ্ববর্তী ৫তলা একটি ভবনের দিকে এ ভবনটি হেলে পড়ায় ঐ ভবনটিও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় পুরো ভবনটি ৫তলা ভবনের উপর হেলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে ৫তলা ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উদ্যোগ নেয়া হয়নি। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ইসরাইল হোসেন হেলে পড়া ভবনটি সিলগালা করে দিয়েছেন। বিকাল ৪টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন ঐ ভবনটি দেখতে ঘটনাস্থলে যান। তার নির্দেশেই ম্যাজিস্ট্রেট ভবনটি সিলগালা করে দিয়েছেন। ঘটনার পরপরই হেলে পড়া ভবন মালিক নূরুল ইসলাম লাপাত্তা হয়ে যান। তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।