আওয়ামী লীগ ও বিএনপি ১৩ দফা মেনে নেবে না
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীরসাহেব চরমোনাই গতকালের শান্তিপূর্ণ অবরোধে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, হেফাজতের ঘোষিত ১৩ দফা আওয়ামী লীগ ও বিএনপি মেনে নিবে না— এটাই স্বাভাবিক। কেননা এরা কেউ ইসলাম ও ইসলামী শাসনে বিশ্বাসী নয়। কাজেই এদের কাছে ১৩ দফা বাস্তবায়নের দাবি অনর্থক।
তিনি এক বিবৃতিতে বলেন, এদেশের ওলামায়ে কেরামের মুরব্বী আল্লামা আহমাদ শফী সাহেব আহূত অবরোধ কর্মসূচিতে হামলা করে সরকার নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে। তিনি ১৩ দফা মেনে নিয়ে সরকারকে ইসলামের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ১৩ দফা মানলে দলমত নির্বিশেষে সকল মানুষের জন্যই মঙ্গল হবে।
পীরসাহেব চরমোনাই বলেন, দেশব্যাপী ইসলামের পক্ষে গণজাগরণ শুরু হয়েছে। ইসলামী জাগরণকে ইসলামের পক্ষে ব্যবহার করে ইসলামকে বিজয়ী করতে ওলামায়ে কেরামকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ ইসলামী হুকুমত ছাড়া ১৩ দফার বাস্তবায়ন সম্ভব হবে না। তিনি সকলকে ১৩ দফা বাস্তবায়নে ইসলামকে বিজয়ী করার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান। সাথে সাথে তিনি ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপি