হেফাজতের কর্মসূচিতে জামায়াত-শিবিরের তাণ্ডব :স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে ঢুকে জামায়াত-শিবির কর্মীরা তাণ্ডব চালাচ্ছে। হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার বিষয়ে গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজত নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের কর্মসূচিতে দুষ্কৃতকারীদের অনুপ্রবেশ ঘটেছে বলে জানিয়েছেন তারা। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মের নামে এ ধরনের ঘটনা অনভিপ্রেত। হেফাজতের নেতারা বলেছিলেন যে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবেন। কিন্তু তারা কথা রাখতে পারেনি। হেফাজতকে সমাবেশের অনুমতি দেয়ার কারণ কী সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সমাবেশ করার অনুমতি চেয়েছে। গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধান অনুযায়ী সভা-সমাবেশ করার অধিকার সকলের আছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে তাণ্ডব মোকাবেলা করছে জানিয়ে তিনি বলেন, তবে ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে তারা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলে সর্বোচ্চ শক্তি ও কৌশল প্রয়োগ করা হবে।