বিমানের ১৫ কেবিন ক্রু সাময়িক বরখাস্ত
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:২০
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫ জন কেবিন ক্রুকে সিগারেট চোরাচালানের মতো অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টীলের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন বিমানের বোয়িং-৭৭৭-ইআর উড়োজাহাজের চিফ পার্সার তোজাম্মেল ও দিলরুবা, ফ্লাইট পার্সার তাহের ও রিনি, জুনিয়র পার্সার জলি ও স্মিতা, ফ্লাইট স্টুয়ার্ডেস ঐশি, ফারজানা ও দিপ্তী, স্টুয়ার্ড মনির, তৌফিক, আমিন, ইফতেখার, মারুফ ও আরিয়ান।
গত বুধবার এই কেবিন ক্রুদের বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইটে দায়িত্বে নিয়োজিত করা হয়। ফ্লাইটটি ওইদিন স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে টার্মিনাল দিয়ে বের হয়ে যাওয়ার সময় গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হিথ্রো বিমানবন্দরে কর্মরত ইউকে’র শুল্ক কর্মকর্তারা বিমানের ক্রুদের ব্যাগেজ স্ক্যানিং করেন। এ সময় তাদের ব্যাগে বেআইনিভাবে আনা বিপুল পরিমাণ সিগারেট পান। এছাড়া তাদের ব্যাগেজে বিমান থেকে চুরি করে আনা প্রচুর কোমল পানীয় পাওয়া যায়। পরে ইউকে কাস্টমস কর্তৃপক্ষ তাদের দীর্ঘ সময় আটক করে রাখে। এ নিয়ে বিমানবন্দরে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে। একপর্যায়ে ওই ফ্লাইটের বৈমানিক ক্যাপ্টেন মনিরের প্রচেষ্টায় কেবিন ক্রুরা ছাড়া পান। ঘটনাটি বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গোচরে আসে। কর্তৃপক্ষ অভিযুক্ত কেবিন ক্রুদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দেন। এরপর গতকাল রবিবার সকালে তারা বিমানের ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন। গতকাল দুপুরেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, ইউকে’র ব্যাগেজ রুলস অনুযায়ী পৃথিবীর যেকোন দেশ থেকে আসা একজন বিমান যাত্রী মাত্র ১০ প্যাকেটের বেশি সিগারেট নিয়ে সে দেশে প্রবেশ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ।