হেফাজতের উপর হামলা চালিয়েছে সরকার
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:২১
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যোগদান করতে আসা ধর্মপ্রাণ মানুষের উপর সরকার হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম বলেন, সরকার হেফাজতের ১৩ দফা যৌক্তিক দাবি মেনে না নিয়ে উল্টো এসব দাবি নিয়ে কটাক্ষ করে বক্তব্য রাখে। হেফাজতের ঘোষিত কর্মসূচি বানচালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজতকে অচল করে দেয়ার কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হেফাজতকে ঘর থেকে বের হতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী গত শুক্রবার সংবাদ সম্মেলনে হেফাজতের ১৩ দফা দাবি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেন।
তিনি বলেন, হেফাজতের ১৩ দফা সম্পূর্ণ অরাজনৈতিক, ইসলাম সম্মত এবং যৌক্তিক দাবি। এসব দাবি মেনে না নিয়ে সরকার হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়ার যে ঘোষণা দেয় তা সম্পূর্ণ অযৌক্তিক, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। তিনি আরও বলেন, মিছিল, মিটিং, সমাবেশ করা দেশের প্রত্যেক নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। কিন্তু সরকার যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে তিনি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।-প্রেস বিজ্ঞপ্তি