নারী প্রিমিয়ার ক্রিকেট

মোহামেডানকে হারাল শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে গতকাল জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভলপমেন্ট একাডেমি, বিকেএসপি ও বাংলাদেশ আনসার-ভিডিপি দল।

গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানকে ৪৪ রানে পরাজিত করেছে শেখ রাসেল। প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় শেখ রাসেল। শায়লা শারমিন ৩৭, রুমানা আহমেদ ৩৫, সাই পুরানডারে ২২, তাজিয়া আক্তার ২০ রান করেন। জবাবে শেখ রাসেলের স্পিনাদের তোপে ৪৫.৪ ওভারে ১২০ রানে অলআউট হয় মোহামেডান। রিতু মনি অপরাজিত ৩৯, শারমিন আক্তার সুপ্তা ১৯, সালমা খাতুন ১৮ রান করেন। শেখ রাসেলের পক্ষে নাহিদা আক্তার তিনটি, রুমানা-খাদিজাতুল কোবরা দুটি করে উইকেট পান।

বিকেএসপির চার নম্বর মাঠে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে তিন উইকেটে হারিয়েছে বিকেএসপি। কেরানীগঞ্জ আগে ব্যাট করে তিন উইকেটে ১৮৩ রান তোলে। নিপা আক্তার ৫৯, একা মল্লিক অপরাজিত ৫৩, পারভিন আক্তার ৩৭ রান করেন। জবাবে ৪৩.৪ ওভারে সাত উইকেটে ১৮৪ রান তুলে ম্যাচ জিতে নেয় বিকেএসপি। মোর্শেদা আক্তার হ্যাপি ৫০, সোবহানা মোস্তারি ৩৯, সুমাইয়া আক্তার ২৫ রান করেন। একই ভেন্যুর দুই নম্বর মাঠে গুলশান ইয়ুথ ক্লাবের বিরুদ্ধে ৯৫ রানের জয় পেয়েছে আনসার-ভিডিপি। আগে ব্যাট করে আট উইকেটে ২১১ রানের ভালো স্কোর গড়েছিল আনসার-ভিডিপি। মাসুমা আক্তার শাপলা ৮০, পান্না ঘোষ ৩৫, আয়েশা ২১, শাহনাজ পারভিন ১৬ রান করেন। পরে ৩৬.৪ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় গুলশান ইয়ুথ ক্লাবের ইনিংস। তমালিকা অপরাজিত ৬৪, ফাতেমা আক্তার ২২ রান করেন। আনসার-ভিডিপির পান্না ঘোষ ১০ রানে নেন চার উইকেট।