জাহাঙ্গীরনগর ভার্সিটি
শিক্ষক সমিতির আন্দোলনে শিক্ষার্থীরা বিপাকে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৫ মে ২০১৩, ২৩:২২
আবারো সংকটের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । পদত্যাগে ভিসির ‘না’ এবং শিক্ষক সমিতির আন্দোলন চালিয়ে যাবার ঘোষণায় বিপাকে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা ৯ম দিনের মতো গতকাল রবিবার কোন বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
গতকাল রবিবার সকাল এগারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন সাম্প্রতিক সময়ে শিক্ষকদের আন্দোলন নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘৬ এপ্রিল রাতে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের হাতে সিন্ডিকেট সদস্য প্রভাষক নূরুল হকের লাঞ্ছনার ঘটনায় মৌখিকভাবে রাজিবকে বহিষ্কার করি। এরপর গভীর রাতে কয়েকশ’ উত্তেজিত ছাত্র আমার বাসভবন ঘেরাও করে দাবি করে, রাজিবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কার করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়কে সমূহ অরাজকতা থেকে বাঁচাতে আমি রাজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করি। পরিস্থিতি সামাল দিতেই এ সিদ্ধান্ত নেই।’ তিনি বলেন, ‘ওই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ আমি এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিসি। আমি পদত্যাগ করবো না। তবে অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যদি বলে আমি এই বিশ্ববিদ্যালয়ের কেউ না তবে আমি চলে যাব।
অন্যদিকে দুপুর বারোটায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে নেতারা ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সাময়িকভাবে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষকরা দুঃখ প্রকাশ করে বলেন, বৃহত্ স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা উচিত। আমরা কথা দিচ্ছি, আন্দোলন শেষ হওয়ার পর অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে আমরা শিক্ষার্থীদের সেশন জট থেকে মুক্ত করবো। তবে ক্যাম্পাসের স্বার্থে শিক্ষার্থীরাও এই আন্দোলনের সাথে একমত হবেন বলে তারা আশা প্রকাশ করেন। আগামী মঙ্গলবার শিক্ষক সমিতির সাধারণ সভায় আন্দোলনের বিষয়ে আরো কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক আমিনুল ইসলাম দুর্জয়, অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যাপক হাফিজউদ্দীন প্রমুখ।
নতুন চার সহকারী প্রক্টর
এদিকে চারজন সহকারী প্রক্টরকে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক উবায়দুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের এনামুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শামীমা নাসরিন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মীর মাসুদুল আলম।