রাজনৈতিক অস্থিরতায় শেয়ারবাজারে লেনদেনে ধস
প্রকাশ : ০৬ মে ২০১৩, ১৯:৪৪
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে কেন্দ করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠায় শেয়ারবাজারের লেনদেনে বড় রকমের ধস নেমেছে। গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১০৭ কোটি টাকা। যা গত সাড়ে তিন মাস বা ৬৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকেই ব্রোকারেজ হাউসে আসতেই পারেননি। তাছাড়া বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আস্থার অভাব দেখা দিয়েছে। যা লেনদেন কমে যাওয়ার অন্যতম কারণ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সার্বিক মূল্য সূচক ৩ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সাধারণ মূল্যসূচক বেড়েছে ৭ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে ২৬৫টি কোমপানির ২ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৯১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১০৭ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৭৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি ৬৫ লাখ টাকা কম। লেনদেনকৃত কোমপানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার।
এদিকে গতকাল রাজধানীর মতিঝিলে বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের আনাগোনা ছিল খুবই নগণ্য। বেশিরভাগক্ষেত্রেই লেনদেন হয়েছে টেলিফোনের মাধ্যমে। তাছাড়া অনেক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারাও আসতে পারেননি। তাই বেশিরভাগ ব্রোকারেজ হাউসই ছিল অনেকটা বিনিয়োগকারী শূন্য। তবে প্রায় সব হাউসেই গতকাল ছিল রাজনৈতিক আলোচনায় মুখর। বিনিয়োগকারীদের মত হলো, রাজনৈতিক অস্থিরতা বন্ধ না হলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে না।