উপস্থাপনায় মাকসুদ

এই প্রথম একটি নিয়মিত গানের অনুষ্ঠান উপস্থাপনা করতে যাচ্ছেন বাংলা ব্যান্ড মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাকসুদ। বাংলাভিশনের জন্য নির্মিতব্য এই অনুষ্ঠানের নাম ‘সাঁই আমার কখন খেলে কোন খেলা’। এ অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘প্রতি পর্বে একজন সাধক বাউল লালন সাঁইয়ের বিভিন্ন পর্যায়ের গান গাইবেন। তার সাথে একজন আলোচক সেইসব গানের ভাব ও পটভূমি নিয়ে আলোচনা করবেন। গানগুলোর সংগীতায়োজনেও থাকছে বিশেষ বৈচিত্র্য।’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন। অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক মাকসুদ বলেন—‘বহু বছর ধরে সারা দেশ ঘুরে লালন সাঁইজির গানের তত্ত্ব জানার চেষ্টা করছি। ইচ্ছা ছিল, শুধু লালন সাধকদের নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করার। এতদিনে সেই ইচ্ছা পূরণ হচ্ছে। এতে আমি উপস্থাপনার পাশাপাশি গ্রন্থনা এবং যন্ত্রাণুসংগীত পরিচালনার কাজটিও করছি। অনুষ্ঠানে চেনাজানা সাধক-সাধিকাদের পাশাপাশি স্বল্প পরিচিতরাও গান করবেন।’ চলতি মাসেই বাংলাভিশনে প্রচার শুরু হচ্ছে ‘সাঁই আমার কখন খেলে কোন খেলা’ অনুষ্ঠানটির।