সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পুনর্বিবেচনা করা উচিত ঃ নওয়াজ শরিফ

ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি তালেবানের সঙ্গে আলোচনা করার পক্ষে বলে জানিয়েছেন। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন। ২০০১-এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্বব্যাপী ইসলামী জঙ্গি তত্পরতার বিরুদ্ধে লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্র। এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলার অর্থ সহায়তা লাভ করে। কিন্তু পরবর্তীতে অনেক পাকিস্তানিই এ সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকে। তাদের বক্তব্য: “যুক্তরাষ্ট্রের লড়াইয়ে” হাজার হাজার পাকিস্তানি সেনার মৃত্যু হচ্ছে। আগামী শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। ওই নির্বাচনে রক্ষণশীল ধর্মীয় দলের নেতা নেওয়াজ শরিফ জয়লাভ করবেন বলে আশা করছেন। বিজয়ী হলে তিনি তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী মনোনীত হবেন। তিনি বলেছেন, তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট অভিযান দিয়ে বিদ্রোহ দমন করা একমাত্র উপায় বলে তিনি মনে করেন না। তিনি বলেন, “আমি মনে করি, বন্দুক ও গুলিই এ ধরনের সমস্যার একমাত্র সমাধান নয়। কোনটা কার্যকরী তা জানার জন্য পাশাপাশি অন্যান্য বিকল্পও প্রয়োগ করে দেখা উচিত বলে আমি মনে করি, আর ওই বিকল্পগুলো আমরা প্রয়োগ করতে যাচ্ছি বলেই আমার ধারণা।”