আব্বাস ও নেতানিয়াহু চীন সফরে

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পৃথক সফরে বর্তমানে চীন অবস্থান করলেও তাদের মধ্যে আলোচনার কোনো সম্ভাবনা নেই। তবে পৃথকভাবে দুই নেতাই চীনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে বিবিসি’র এক খবরে বলা হয়েছে। চীনের কর্মকর্তারা জানিয়েছেন, যদি দুই নেতা আলোচনায় বসতে চান তবে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সম্মত রয়েছেন। অবশ্য দুই নেতার একই সময়ে এই শহরে থাকার কোনো সম্ভাবনা নেই। রবিবার বেইজিং পৌঁছেছেন মাহমুদ আব্বাস। অপরদিকে সাংহাইয়ে সফরশেষে সোমবার চীনা রাজধানীতে যাওয়ার কথা নেতানিয়াহুর। মাহমুদ আব্বাস বলেছেন, তার এই সফরে তিনি আলোচনার পথে ফিলিস্তিনের উপর ইসরাইল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেসব বিষয় নিয়ে চীনের নেতাদের সঙ্গে আলোচনা করবেন এবং চীনের প্রতি ফিলিস্তিনের অর্থনীতির জন্য বাধা সৃষ্টিকারী ওইসব প্রতিবন্ধকতা দূর করার জন্য ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্ককে ব্যবহারের আহ্বান জানাবেন। এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, চীন সফরে নেতানিয়াহু বেশকিছু বাণিজ্যচুক্তি সই করবেন। পাশাপাশি ইরান বিষয়েও আলোচনা করবেন। মাহমুদ আব্বাসের চীনের প্রেসিডেন্ট জিংপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সাথে সাক্ষাত্ করার কথা সোমবার। ছয় বছরের মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর এটি প্রথম চীন সফর। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা নিয়েও নেতানিয়াহু চীনের সঙ্গে আলোচনা করবেন বলে ইসরাইল জানিয়েছে।