সংবাদ কণিকা

অল্পের জন্য বেঁচে গেলেন মিসরের প্রধানমন্ত্রী মিসরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিলের গাড়িবহর লক্ষ্য করে গুলিবর্ষণ করার অভিযোগে পাঁচ তরুণকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাজধানী কায়রোতে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, কোন রাজনৈতিক উদ্দেশ্যে হামলাটি চালানো হয়নি। কান্দিল ও তার চার সফরসঙ্গীর কেউ আহত হননি। আটক পাঁচ তরুণের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। —রয়টার্স যুক্তরাজ্যে স্তন ক্যান্সার যুক্তরাজ্যে ৫০ বছরের কম বয়সী নারীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের বার্ষিক হার এই প্রথম ১০ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে ‘ক্যান্সার রিসার্চ ইউকে’। দাতব্য এ প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাজ্যে প্রতি ৫ জনে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর বয়স ৫০-এর কম। অতিরিক্ত অ্যালকোহল সেবন, কম সন্তান নেয়া কিংবা বেশি বয়সে সন্তান নেয়া এবং বেশি মাত্রায় জন্মনিরোধক ওষুধ সেবন স্তন ক্যান্সার বেড়ে যাওয়ার কারণ হতে পারে বলে গবেষকদের ধারণা। —রয়টার্স চার্চে বিস্ফোরণে নিহত ১ তাঞ্জানিয়ার আরুশা শহরের একটি চার্চে বিস্ফোরণে অন্ততপক্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় চার্চটি প্রার্থনাকারীতে পূর্ণ ছিল। পুলিশ রবিবারের ঐ ঘটনা একটি বোমা বিস্ফোরণ বলে ধারণা করছে এবং এর সঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। নতুন রোমান ক্যাথলিক চার্চের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হলো। অনুষ্ঠানে তাঞ্জানিয়ায় নিযুক্ত ভ্যাটিক্যানের দূত এবং আরুশার আর্চবিশপ উপস্থিত ছিলেন। তবে তারা দুইজনই অক্ষত আছেন। তাঞ্জানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড মেমবে তার টুইটার বার্তায় লিখেছেন, এ ঘটনায় তিনি ‘ভীষণ মর্মাহত’। — রয়টার্স ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ এ মাসেই ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি উদযাপন করা হচ্ছে। ১৯১৩ সালের প্রথম সাদা-কালো সিনেমার পর ‘বলিউড’ দীর্ঘ ১০০টি বছর পার করেছে। যদিও বলিউড নামটি এসেছে আরো অনেক পরে। কাহিনীর গণ্ডি ছাড়িয়ে নৃত্য ও সঙ্গীত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মুখ্য উপাদান হয়ে উঠেছে বিবর্তনের পথ ধরে। নাচ-গানে ভরপুর ভারতীয় চলচ্চিত্র এখন সেই দেশের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও, পরিণত হয়েছে কোটি কোটি ডলারের শিল্পে। — বিবিসি করাচিতে বোমা হামলায় নিহত ৩ পাকিস্তানের করাচিতে মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) কার্যালয়ের কাছে জোড়া বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, দলটির কার্যালয় লক্ষ্য করে শনিবার ছোঁড়া এ বোমায় আরো অনেকে আহত হয়েছে। দলটি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে নির্বাচনে অংশ নেয়ায় তারা তালেবান যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এবার নির্বাচনী প্রচারাভিযানের শুরু থেকেই প্রার্থীদের বিরুদ্ধে সহিংসতায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এ ঘটনাগুলোতে তালেবানদের দায়ী করা হয়েছে। আগামী ১১ মে পাকিস্তানে প্রথম গণতান্ত্রিকভাবে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।—রয়টার্স