ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০০
দেশের বিভিন্ন জায়গায় সরকারি-বেসরকারি ভবনে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে জরাজীর্ণ স্কুল-কলেজ, হাসপাতালগুলোতে ধসের আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের জিলুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে এখন আতংক সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। ঝুঁকিপূর্ণ স্কুল ভবন যে কোন সময়ে ধসে পড়তে পারে বলে শংকিত সবাই। সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়েছে। শিক্ষার্থীসহ শিক্ষকদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শরীয়তপুর
শরীয়তপুর জেলা শহরে অবস্থিত পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। তিনতলার পূর্বমুখী এ ভবনটির এক কোণ দেবে যাওয়ায় ভয় ও আতংক নিয়ে বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছে ৭ শতাধিক শিক্ষার্থী। শরীয়তপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী শিখা বলেন, বিদ্যালয়ের বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনটিতে ক্লাস চালু রাখা হয়েছে। নতুন আর একটি ভবন নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে।
উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় একাধিক ঝুঁকিপূর্ণ স্কুল, সরকারি অফিস ও ব্যক্তিমালিকানাধীন ভবনে চলছে দৈনন্দিন কার্যক্রম ও বসবাস। উখিয়া উপজেলা পরিষদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবন, পল্লী ভবন, খাদ্য গুদাম, টুইন কোয়ার্টার, উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবন, উপকূলের একাধিক বহুমুখী আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহ ঝুঁকির মধ্যে রয়েছে। উখিয়া উচ্চ বিদ্যালয়ের পুরোনো দ্বিতল ও বিজ্ঞান ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত ভবনে ছাত্র/ছাত্রীদের ঝুঁকি নিয়ে নিয়মিত পাঠদান করা হচ্ছে।
গফরগাঁও (ময়মনসিংহ)
ভবন ধসে পড়ার আশংকায় খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস করছে ময়মনসিংহের গফরগাঁওয়ের ধামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ঐ বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষের বাইরে গাছতলায় ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। আকাশে মেঘ জমলেই বিদ্যালয় ছুটির ঘোষণা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয় ভবনের বেহাল দশা চরমে। ভবনটির প্রত্যেকটি পিলারে ভয়াবহ ফাটল ধরে রড বের হয়ে গেছে। বিদ্যালয়ের পিলারের সঙ্গে ফাটলে ছাদ ফাঁক হয়ে গেছে। মূল পিলারের অবস্থান পর্যন্ত নড়ে গেছে। একই অবস্থা একই ইউনিয়নের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটির। দ্বিতল এই ভবনটি মূল পিলারে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আর্শ্বেদ জানান, ভবনটির এমন দশায় সাড়ে তিন শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে চরম দুর্ভোগ করে পার্শ্ববর্তী একটি সাইক্লোন শেল্টারে ক্লাস করাতে হচ্ছে।
নাঙ্গলকোট (কুমিল্লা)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের কার্যক্রম চলছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনে। ফলে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জীবনের ঝুঁকি নিয়ে এসব ভবনে কাজ করতে হয়। বর্তমানে পরিষদ ভবন ও বিআরডিবি অফিস ভবনে ফাটল সৃষ্টি হয়ে ছাদের আস্তর খসে পড়ছে। উপজেলার আবাসিক কোয়ার্টারগুলোর অবস্থা আরো খারাপ। যে কোন মুহূর্তে এসব ভবন ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ফলে কর্মকর্তা-কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে এখানে থাকতে চায় না।
কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলের দ্বিতল ভবনের ১০টি রুমে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ধসের আশংকায় প্রায় ১২শ’ শিক্ষার্থী ক্লাসরুম ছেড়ে গাছতলায় ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। ইতিমধ্যে উপজেলা এলজিআরডি প্রকৌশলী নজরুল ইসলাম পরিদর্শন করেছেন এবং ভবনটি পরিত্যক্ত ঘোষণা করার কথা বলেছেন।
ভাঙ্গুড়া (পাবনা)
পাবনার ভাঙ্গুড়া থানা ভবন ও পুলিশ ব্যারাকের বিভিন্ স্থানে ফাটল দেখা দেয়ায় যে কোন সময় ধসে প্রাণহানির আশংকা দেখা দিয়েছে। ৫০ বছর আগে নির্মিত কো-অপারেটিভ সোসাইটির বিলুপ্ত সমবায় ব্যাংকের জীর্ণ একটি ভাড়াটিয়া দ্বিতল ভবন ও গুদামে ভাঙ্গুড়া থানা পুলিশের কাজ চলছে। দুর্ঘটনায় যাতে পুলিশের জীবন বিপন্ন না হয় সেজন্য জীর্ণ ভবন সংস্কারের উদ্যোগ নেয়ার দাবি করেছেন থানার পুলিশ সদস্যরা।
রায়পুরা (নরসিংদী)
ভবন ধসে পড়ার ভয়ে রায়পুরা উপজেলার অলিপুরা ও চান্দেরকান্দী ইউনিয়ন ভূমি অফিস অন্যত্র স্থানান্তর করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তার বলেন, ভবনটি অনেক পুরোনো হওয়ায় দুই ইউনিয়ন ভূমি অফিস অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তাছাড়া জরাজীর্ণ ভবনটি ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করে মেরামতযোগ্য না সেটি পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করে দেয়া হবে।
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ৩৯নং বাঁশহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই ফাটলের অংশ থেকে পলেস্তরা মেঝেতে খসে পড়ছে। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত আছেন। এ সমস্যাটি সমাধানের জন্যে ওই ভবনের শিক্ষার্থীদের আপাতত পাশের একটি উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করার চিন্তা-ভাবনা চলছে।
শ্যামনগর (সাতক্ষীরা )
উপজেলার নুরনগর বাজারে নির্মিত মুদি ব্যবসায়ী গফফার গাজীর ৩ তলা ভবনটির পিলার, বিম, ছাদসহ অনেক অংশে ফাটল দেখা দিয়েছে। সেখানকার ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। যে কোন সময় ঘটতে পারে জীবনহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি। উপজেলা প্রকৌশলী তরিকুল হাসান খান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নূরুল ইসলাম পরিদর্শনপূর্বক গত ১ মে বিল্ডিংটি পরিত্যক্ত ঘোষণা করেন।
তালা (সাতক্ষীরা)
তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস ভবনটির বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হলেও কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাব-রেজিস্ট্রার মোঃ শাহাদত হোসেন মৃত্যুঝুঁকির কথা স্বীকার করে, গত এক সপ্তাহ পূর্বে তিনি এ কর্মস্থলে যোগদান করেছেন। যোগদানের পর ভবনের এ অবস্থা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। ভবন ফাটলের বিষয়ে তিনি আরও বলেন, প্রতি মুহূর্ত মৃত্যুঝুঁকির মধ্যে অফিসের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে।
দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পৃথক ৪টি ভবন ধসের আশংকা। ছাদ ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। উপজেলার এসএ মাধ্যমিক বিদ্যালয়, বেগম আরেফাতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলাস্থ পল্লী ভবনের অবস্থা ঝুঁকিপূর্ণ।
নাগেশ্বরী (কুড়িগ্রাম)
নাগেশ্বরীতে বিদ্যালয়ের ফাটল ধরা একতলা ভবনের উপরে চলছে বর্ধিত দ্বিতল ভবনের কাজ। আতংকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। নাগেশ্বরীতে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৫ ফুট দৈর্ঘ্য ফ্যাসিলিটিজ বিভাগ নির্মিত একতলা ভবনটির তিনটি কক্ষে গ্রেটবিম লম্বালম্বিভাবে ফেটে গেছে। তারপরেও তিনি এর উপরে দ্বিতল ভবনের কাজ করছেন। ফ্যাসিলিটিজ বিভাগের কুড়িগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, লোড বেশি হওয়ায় বীমে সামান্য ফাটল দেখা দিয়েছে তবে ভয়ের কিছু নেই। সহকারী শিক্ষক মামুন ও হোসেন আলী বলেন, ফাটল ধরা এই ভবনের উপরতলার ছাদ ঢালাই করলে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও আমাদের ক্লাস করতে হবে।