রানা প্লাজা ট্র্যাজেডি

রানা প্লাজায় হারিয়ে গেল মতিজার স্বপ্ন

সাভারে রানা প্লাজা ট্র্যাজেডির মাত্র ৭ মাস পূর্বে বিয়ে হওয়া গার্মেন্টস কন্যা মতিজার মাতৃত্বের সাধ আর নেয়া হলো না। রঙ্গিন স্বপ্ন দেখতে শুরু করার আগেই সব শেষ হয়ে গেল। ভবন ধসের ১৩ দিন পরও খোঁজ মেলেনি এ হতভাগ্য গার্মেন্টস কন্যার। সন্তানের অপেক্ষায় কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে বাবা-মার। তবুও থেমে নেই আহাজারি। নিখোঁজ মতিজা উপজেলার আমঝুপি জঙ্গলপাড়ার বাবু প্রামাণিকের মেয়ে। রুগ্ন বাবার ৫ সদস্যের দরিদ্র পরিবারে অভাব-অনটন দূর করতে প্রায় ৬ বছর পূর্বে কিশোরী মতিজা ঢাকায় চলে যায় । কাজ নেয় সাভারের রানা প্লাজার ৬ষ্ঠ তলার একটি গার্মেন্টসে। নিখোঁজের আগে পর্যন্ত সে সিনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। ইচ্ছা ছিল দরিদ্র বাবা-মাকে সহযোগিতা করবেন। ছোট ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। এরই মাঝে ভালোবেসে প্রায় ৭ মাস পূর্বে বিয়ে করেন যশোরের আরেক গার্মেন্টস কর্মী ইউনুছ আলীকে। কিন্তু ভাগ্য সহায় হলো না মতিজার। তার সব স্বপ্ন রানা প্লাজার ইট-বালু-সিমেন্টের স্তূপে হারিয়ে গেল। সেই সাথে স্বামী ইউনুছ আলীও হঠাত্ করে নিরুদ্দেশ হয়ে যায়। মেয়ে ও জামাই নিখোঁজের খবর পেয়ে বাবা বাবু প্রামাণিক ও মা বেদেনা বিবি পাগলের মতো ছুটে যান সাভারে। একবার ছুটছেন ধসে পড়া রানা প্লাজার সামনে, না পেয়ে আবার ছুটছেন বিভিন্ন হাসপাতালে। ১১ দিন অবস্থান করেও তারা আজও কোন হদিস পাননি মতিজার।