সারিয়াকান্দিতে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ অনিশ্চিত
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০২
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং চন্দনবাইশা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ না করায় আগাম বন্যার আংশকা করছে ওই এলাকার কৃষকরা। পাউবো সূত্রে জানা গেছে চন্দনবাইশার তালুকদারপাড়ায় গত বর্ষা মৌসুমে চন্দনবাইশা এলাকায় দুই হাজার মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যমুনা গর্ভে বিলীন হয়ে যায়।
ওই সময় চন্দনবাইশা বাজার, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও তালুকদারপাড়া গ্রামসহ দুটি গ্রামের তিন হাজার পরিবার গৃহহীন হয়। একই সময় বাঁধ ভাঙা বন্যার পানিতে সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী, ধুনট, শাহজাহানপুর ও শেরপুর উপজেলার ২২ হাজার হেক্টর জমির রোপা আমন ও অন্যান্য ফসল তলিয়ে বিনিষ্ট হওয়ায় কৃষকের কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। চলতি বছর ওই এলাকায় বিকল্প বাঁধ নির্মাণ না করায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। কুতুবপুর এলাকার কৃষক কালাম, বেলাল হোসেন জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগাম বন্যায় ইরি বোরো ফসল আবার তলিয়ে বিনষ্ট হবে কিনা তা নিয়ে আমরা চিন্তিত। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভাঙা এলাকায় চার কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য ১৬ কোটি টাকার দরপত্র আহবান করে ঠিকাদার নিয়োগ করা হয়েছে।