কালিয়াকৈরের শফিপুর শিল্পাঞ্চল বাজারের জনদুর্ভোগ চরমে

রাজধানীর অনতিদূরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর একটি সুপরিচিত শিল্পাঞ্চল। টঙ্গীর পরেই এই শিল্পাঞ্চলের স্থান। প্রায় ৩ লাখ লোক এই শিল্পাঞ্চলের আশেপাশে বাস করে কিন্তু জনসংখ্যার তুলনায় এই শিল্পাঞ্চলের বাজারটি খুবই ছোট। স্থানাভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাট বসে। ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। দীর্ঘদিন যাবত্ বাজারের সংস্কার না হওয়ায় ক্রেতা-বিক্রেতাসহ জন-সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হলেই বাজারের সবগুলো রাস্তা ময়লা-আবর্জনামিশ্রিত এক হাঁটু কাদা পানিতে একাকার হয়ে যায়। প্রতিবছর এই বাজার থেকে ২৫/৩০ লাখ টাকার রাজস্ব আদায় হয়। সেই তুলনায় বাজারটির বাত্সরিক উন্নয়ন বরাদ্দ খুবই নগণ্য বলে অভিজ্ঞ মহল মত প্রকাশ করেন। বাজারটির কিছু অংশ মৌচাক ইউনিয়ন পরিষদ ও কিছু অংশ কালিয়াকৈর পৌরসভার নিয়ন্ত্রণাধীন। কিন্তু ক্রেতা-বিক্রেতার স্বার্থ রক্ষায় কোনই সঠিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।