মিল্কভিটার দুধ ক্রয় অকস্মাত্ বন্ধ
ভাঙ্গুড়ার সমবায়ী ও খামারীরা ক্ষুব্ধ
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০৩
মিল্কভিটার ভাঙ্গুড়া ক্রয়কেন্দ্র রবিবার আকস্মিকভাবে বন্ধ রাখায় স্থানীয় সমবায়ী ও দুগ্ধখামারীরা তাদের উত্পন্ন দুধ বিক্রি করতে না পেরে ক্ষুব্ধ। ফলে স্থানীয় ঘোষ ও জনসাধারণের কাছে তারা স্বল্পমূল্যে দুধ বিক্রি করতে বাধ্য হয়। জানা গেছে, মিল্কভিটা তাদের প্রতি লিটার দুধের দাম দেয় ৪৫ টাকা। মিল্কভিটার ক্রয়কেন্দ্র বন্ধ থাকায় রবিবার সেই দুধ বিক্রি হয় ২০ টাকা লিটার। পাছবেতুয়ান উত্তরপাড়া দুগ্ধ সমবায় সমিতির ম্যানেজার মোঃ লিয়াকত আলী লিটন জানান, তাদের না জানিয়ে আকস্মিকভাবে রবিবার ভাঙ্গুড়া চিলিং সেন্টার দুধ ক্রয় বন্ধ রাখে। এ কারণে তার সমিতি ২২ মণ দুধ ২০ টাকা লিটার দরে বিক্রি করে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। ভাঙ্গুড়া চিলিং সেন্টারের ম্যানেজার ডাঃ ফরহাদুল আলম বলেন, হেফাজতে ইসলামীর অবরোধের কারণে ঢাকা থেকে গাড়ি না আসায় রবিবার দুধ ক্রয় সম্ভব হয়নি। এছাড়া এই চিলিং সেন্টারে সংরক্ষণ ক্ষমতা অপ্রতুলতার কারণে দুধ সংগ্রহ বন্ধ রাখা হয়।