শ্রীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে ৫ মে রবিবার সকালে শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামের জিয়াউদ্দিনের কন্যা এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ ক্যাডার মো. ওমর ফারুক (২০)। ছাত্রীর মামা হেলাল জানায়, বহেরারচালা গ্রামের জিয়াউদ্দিনের কন্যা পিয়ার আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে (১৬) একই গ্রামের নির্মাণ শ্রমিক হাফিজুল ইসলাম মুন্সির পুত্র পৌরসভাধীন ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এলাকার চিহ্নিত ক্যাডার ফারুক গত ৪ বছর যাবত্ উত্ত্যক্ত করতো। রবিবার ওই ছাত্রীর বাবা-মায়ের অনুপস্থিতিতে ফাঁকা বাড়িতে একা পেয়ে ফারুক (২০) চাপাতি, রাম দাসহ সাইফুল (১৯), কায়েসকে (২১) সাথে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে উত্তেজিত ফারুক ধারালো চাপাতি দিয়ে জুঁইয়ের দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে বাম পায়ের রগ ও ডান পায়ের হাড় কেটে ফেলে। এদিকে জুঁইয়ের মা জানান, ফারুক প্রকাশ্যেই তার মেয়েকে অপহরণ করে ধর্ষণসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত ৬ মাস যাবত্ মামা হেলাল তাকে কলেজে আনা-নেয়ার দায়িত্ব পালন করছিল। ব্যর্থ হয়ে ফারুক রবিবার সকালে হামলার ঘটনা ঘটায়। পুলিশ জানায়, ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে।