মতলবে ২৫টি দোকান ভস্মীভূত

মতলব দক্ষিণে সদর বাজারে রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরনো লঞ্চঘাট সংলগ্ন মার্কেটের ২৫টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বাজারের ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন (৫২) মারা গেছেন। এছাড়া কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছে। এ সময় লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার রাতে মার্কেটের দক্ষিণদিকে তেলের গোডাউন ও দিয়াশলাই রক্ষিত গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে কয়েক মিনিটের মধ্যে দক্ষিণ পাশ থেকে মার্কেটের উত্তর পাশে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ৪০ মিনিট পর চাঁদপুর ও হাজীগঞ্জ থেকে দু’টি দমকল বাহিনীর কর্মীরা এসে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে মার্কেটের দু’সারির ওষুধ, মুদি, বেকারী, সেলুন, রাইস মিল, তেলের গোডাউন, দিয়াশলাই গোডাউন ও স্বর্ণের দোকানসহ ২৫টি দোকান ভস্মীভূত হয়। তেলের আগুনে পুড়ে গুরুতর আহত ব্যবসায়ী আক্তার হোসেনকে চাঁদপুর হাসপাতালে নেয়া হলে গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়।