পাবনার সাজেদুল ও তার স্ত্রীর সন্ধান মেলেনি
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০৪
দুর্ঘটনা কবলিত সাভার রানা প্লাজার গার্মেন্টস কর্মী স্বামী-স্ত্রী এখনো নিখোঁজ রয়েছে। পাবনা জেলার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের স্বামী-স্ত্রী গার্মেন্ট কর্মী সাজেদুল ইসলাম (২৭) ও রূপা খাতুন (২২) ঘটনার পর থেকে নিখোঁজ থাকলেও বহু খোঁজাখুঁজি করেও পিতা-মাতা আত্মীয়-স্বজন তাদের জীবিত বা মৃত অবস্থায় পায়নি। তারা রানা প্লাজায় অবস্থিত ফ্যানটম টেক নামক গার্মেন্টসে প্রায় ৫ বছর যাবত্ চাকরি করে আসছিল। সাজেদুল জন্তিহার গ্রামের আব্দুর রহিমের বড় ছেলে। সে ৫ বছর আগে রূপা খাতুনকে বিয়ে করে। তাদের কোন সন্তান হয়নি। প্রতিদিনের মতো ঐদিনও তারা যথারীতি রানা প্লাজায় অবস্থিত গার্মেন্টে সবার সঙ্গে কাজে যোগদান করে। প্রিয় ছেলে বউকে না পেয়ে সাজেদুলের বাবা-মা শোকে পাগলপ্রায়।