সৈয়দপুর সাবরেজিস্ট্রি অফিসে বাড়ছে দলিল জটের ভোগান্তি

নীলফামারী জেলার সৈয়দপুরের সাব-রেজিষ্ট্রি অফিসে সাব-রেজিষ্ট্রার না থাকায় গত এক মাস যাবত্ ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতারা। সূত্র জানায়, সৈয়দপুর অফিসের সাব-রেজিষ্ট্রার এক মাস আগে বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে এই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয় ডিমলা উপজেলার সাব-রেজিষ্ট্রারকে। তিনি সপ্তাহে মাত্র একদিন সৈয়দপুরে অফিস করার নিয়ম করেন। কিন্তু তারপরেও তিনি নিয়মিত অফিস করেন না। উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর এলাকা মিলিয়ে প্রতিদিন ১শ’ থেকে ১শ’ ৫০টি দলিল সম্পাদন হয়ে থাকে। সৈয়দপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক সরকার ক্রেতা-বিক্রেতার হয়রানির সত্যতা স্বীকার করে বলেন, সাত দিনের কাজ একদিনে করতে তারাও নাজেহাল হচ্ছেন। একদিনের কর্মদিবসে সিকিভাগ দলিল সম্পাদন হওয়ায় শত শত দলিল আটকে আছে। এদিকে অফিসের একটি সূত্র জানায়, একজন সাব-রেজিষ্ট্রার দুই জায়গায় দায়িত্ব পালন করায় অফিসের স্বাভাবিক কাজকর্মও বিঘ্নিত হচ্ছে।