গৌরনদী ও আগৈলঝাড়ায় দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২১:০৫
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় গতকাল সোমবার ভোররাতে পার্কিং করা দু’টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আওয়ামী লীগ এ ঘটনার জন্য বিএনপি-জামায়াত ও হেফাজতের কর্মীদের দায়ী করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেছে। জানা গেছে, ইলিশ পরিবহন নামের একটি বাস (পাবনা ব-০২-০০০৫) গত দেড়মাস পূর্বে বিকল হয়। বিকল হওয়ার কারণে তিনি বাসটি ভুরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পার্কিং করে রাখেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, সোমবার রাত সোয়া তিনটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। আগুনে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অপরদিকে আগৈলঝাড়া থানার পয়সারহাট বাসস্ট্যান্ডে পার্কিং করা শুভেচ্ছা পরিবহনে সোমবার রাত আড়াইটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। আগুনে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন।