বছর না যেতেই হাউরা স্লুইচ গেট অকেজো

কুমিল্লার মনোহরগঞ্জের হাউরা স্লুইচ গেটটি নির্মাণের ১বছর পর থেকেই অকার্যকর অবস্থায় পড়ে আছে। ডাকাতিয়া নদীর নদনা খালের মুখে নির্মিত স্লুইচ গেটটি এলাকার কৃষকের কাজে আসছে না। জানা যায়, কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ কুমিল্লা ও উত্তর নোয়াখালীর পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের আওতায় ২০০৫-০৬ অর্থ বছরে ডাকাতিয়া নদীর নদনা খালের মুখে মনোহরগঞ্জের হাউরা নামক স্থানে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে এ স্লুইচ গেটটি নির্মাণ করে। নির্মাণের পর থেকে এ পর্যন্ত এটি কৃষকের জমিতে পানি সেচ এবং জলাবদ্ধতা নিরসনে কোন উপকারে আসেনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি সেচপাম্প ডাকাতিয়া নদী থেকে পানি উত্তোলন করে স্লুইচ গেটটির সামনে ফেলছে। ডাকাতিয়া নদী থেকে সরবরাহকৃত এ পানি দিয়েই মনোহরগঞ্জের দক্ষিণাঞ্চলের কৃষকরা বোরো ক্ষেতের চাহিদা পূরণ করছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম বোরো মওসুমে ফসলি জমির চাহিদা পূরণে কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাম্প দিয়ে পানি উত্তোলনের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় বাসিন্দারা জানান, স্লুইচ গেট তত্ত্বাবধান করার কোন লোকবল না থাকায় প্রয়োজনীয় নাট, বল্টু, লোহার পাত ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। পানি ধারণ ক্ষমতা না থাকায় বর্ষার পানি নামতে শুরু করলে স্লুইচ গেটটির মূল ফটক দিয়ে পানি ডাকাতিয়া নদীতে নেমে গেলে নদনা খাল পানিশূন্য হয়ে পড়ে। এতে পানি সংকটে পড়ে এলাকার কৃষকরা।