শিক্ষক সংকটে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করছে। এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় চরমভাবে ব্যাঘাত ঘটছে। শিক্ষক সংকটের কারণে খন্ডকালীন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে ক্লাস। জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০০৬-২০০৭ সেশন হতে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের কার্যক্রম শুরু করে। বর্তমানে কলেজটির ৫টি ব্যাচে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ল্যাব কার্যক্রম পরিচালনার জন্য নেই কোন স্থায়ী শিক্ষক। ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরুর প্রথম থেকে খন্ডকালীন শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। এদিকে ওয়েট প্রসেসিং বিভাগের কোন শিক্ষক নেই। বর্তমানে কলেজে বিদ্যমান রয়েছে চারটি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টগুলো হচ্ছে-ওয়েট প্রসেসিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং, গার্মেন্টস্ প্রোডাকশান, ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং। চারটি ডিপার্টমেন্টে নিয়োগপ্রাপ্ত শিক্ষক রয়েছে ৬ জন। খন্ডকালীন শিক্ষক রয়েছে ২৬ জন। শিক্ষক সংকট নিরসনের জন্য শিক্ষার্থীরা ২০১০ সালের ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরেও স্মারকলিপি প্রদান করে। এরপূর্বে ২০১০ সালের ১০ এপ্রিল বস্ত্রও পাট মন্ত্রী লতিফ সিদ্দীকির সাথে কলেজের শিক্ষার্থীরা সাক্ষাত্ করে। তখন তারা মন্ত্রীর কাছে দাবি জানান, কলেজে বিদ্যমান যে শিক্ষক সংকট রয়েছে তা নিরসনকল্পে ব্যবস্থা গ্রহণের জন্য। মন্ত্রী তাত্ক্ষণিক শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেন পরবর্তী ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের। জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, পূর্বের ডিপ্লোমা ইন্সটিটিউটের শিক্ষক দিয়ে বর্তমান বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠদান চালানো হচ্ছে। তখন প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। কর্তৃপক্ষকে আমি শিক্ষক সংকটের বিষয়টি লিখিতভাবে অবহিত করেছি। এছাড়া নতুনভাবে মন্ত্রণালয় থেকে সৃষ্ট ৪২ টি পদে শিক্ষক, কর্মকর্তাও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে অধিকাংশ শেষ হয়েছে। আশা করছি শ্রীঘ্রই শিক্ষক সংকটের নিরসন হবে।