মানিকনগর সুয়ারেজ লাইনে বর্জ্য

আমরা নিয়মিত ট্যাক্স প্রদানকারী মানিকনগরের স্থায়ী বাসিন্দা। হোল্ডিং নম্বর-৭৭/৬ থেকে ১০৩/১ পর্যন্ত সুয়ারেজের পিট/ড্রেন থেকে বর্জ্য নিষ্কাশনের জন্য অঞ্চল-৫-এর আঞ্চলিক কর্মকর্তার কাছে ৪/২/২০১৩ তারিখে লিখিত আবেদন করি। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পিট/ড্রেন থেকে বর্জ্য পরিষ্কারের জন্য লিখিত আদেশ প্রদান করেন। কিন্তু পরিতাপের বিষয়, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মচারী-কর্মকর্তাগণ আদেশ পালনে অনীহা দেখান। তাদের অবহেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমাদেরকে কোনো তোয়াক্কাই করছেন না। সিটি কর্পোরেশনের সিটিজেন চার্টার অনুযায়ী কর্তৃপক্ষের কাছে আমাদের সমস্যার কথা জানাবার অধিকার আছে এবং পরিবেশ যাতে হুমকির সম্মুখীন না হয় তাও বলার অধিকার সংরক্ষণ করি। পরিশেষে নগর পিতার কাছে আমাদের আকুল আবেদন, সহসাই পিট/ড্রেন থেকে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য অঞ্চল-৫কে নির্দেশ দেয়া হোক। এম এস খুরশিদ আহমেদ, ৭৭/৩-এ, পূর্ব মানিকনগর, ঢাকা