মহাজোটের প্রার্থী নিশ্চিত হলেও বিএনপিতে চলছে টানাপোড়েন

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র প্রার্থিতা নিয়ে পর্দার আড়ালে নাটকীয়তা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের একক প্রার্থী, বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রার্থিতা নিশ্চিত হলেও বিএনপিতে চলছে টানাপোড়েন। বিএনপি দলীয় সূত্রগুলো বলছে, প্রথমে সাবেক মেয়র ও সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনুকে ১৮ দলীয় জোটের একক প্রার্থী মনে করা হয়েছিল। কিন্তু পর্দার আড়ালে রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও মেয়র পদে প্রার্থিতার দৌড়ে সামিল হয়েছেন। অথচ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বা ১৮ দলীয় জোট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণের বিষয়ে এখনো স্পষ্ট নির্দেশনা দেয়নি। ফলে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। তাই আগামী ১২ মে মনোনয়ন দাখিলের শেষ হওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে এবার মেয়র পদে বিএনপিকে ছাড় দিতে রাজি নয় জামায়াতে ইসলামী। জামায়াতের রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারী ও ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর মেয়র পদে প্রার্থী হতে পারেন বলে দলটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বিএনপিতে দ্বন্দ্ব তুঙ্গে: রাসিক নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবারো তুঙ্গে উঠেছে। বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বি হিসাবে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুকে ১৮ দলীয় জোটের একক মেয়র প্রার্থী হিসেবে ইতিপূর্বে দলীয় সূত্রে আভাস দেয়া হয়েছিল। কিন্তু বিএনপির আরো তিন নেতা পর্দার আড়ালে মেয়র প্রার্থী হবেন বলেও শোনা যাচ্ছে। এরা হলেন, রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাদিম মোস্তফা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। দলীয় সূত্র মতে, রাজশাহী মহানগর বিএনপির রাজনীতি মিজানুর রহমান মিনুকে ঘিরেই আবর্তিত হচ্ছে। নগরীর অলিগলিতে সাঁটানো উন্নয়ন ও গ্যাস সংক্রান্ত রঙিন পোস্টারই তার প্রমাণ। পোস্টারে ১৭ বছরের উন্নয়নের ছবি ও ফিরিস্তি তুলে ধরা হয়েছে। এছাড়া মিজানুর রহমান মিনুর পক্ষে নগরীর বাসা-বাড়িতে মহিলা কর্মীরা ভোট প্রার্থনা করছেন। তবে দলীয় হাইকমান্ডের সবুজ সঙ্কেত না পাওয়ায় তিনি আপাতত নীরব রয়েছেন। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কয়েকটি মামলায় কারাগারে ছিলেন মিনু। তার দল ঐ নির্বাচনে অংশ নেয়নি। ফলে তিনি তখন মেয়র প্রার্থী হননি। সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন নগরীর মানুষের কাছে গুরুত্বপূর্ণ। বিগত ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি নগরীর যে উন্নয়ন করেছেন, তা নগরবাসী মনে রেখেছেন। এ কারণে দলীয় হাইকমান্ড থেকে প্রার্থী করা হলে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তফসিল ঘোষণার পর এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। এতে আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ না দিতে সকলে একমত হয়েছেন। সেক্ষেত্রে তিনিই মেয়র প্রার্থী হবেন বলে আলোচনা হয়েছে। এদিকে বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন মহানগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বর্তমান মেয়র খায়রুজ্জামান লিটনের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন। ঐ নির্বাচনে এএইচএম খায়রুজ্জামান লিটন তালা মার্কায় পেয়েছিলেন ৯৮ হাজার ৩৬০ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মোসাদ্দেক হোসেন বুলবুল বাঘ মার্কায় পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০। নতুন হিসেবে ঐ ভোটের অংক বিবেচনায় এবারো তিনি মেয়র প্রার্থী হতে পারেন। একই কারণে এবারো মেয়র প্রার্থিতায় বুলবুলের আগ্রহ রয়েছে। বিএনপি নির্বাচনে যাবে কি না চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি কোন মন্তব্য করতে চান না। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাও মেয়র পদে প্রার্থী হতে আগ্রহী বলে দলীয় সূত্রে জানা যায়। দলীয় নেতাদের দাবি, নাদিম মোস্তফা জেলার রাজনীতি করলেও তার বাড়ি নগরীতেই। এক সময় তিনি নগরীতে রাজনীতি করেছেন। এছাড়া জেলা বিএনপির অনেক নেতার বাড়িও নগরীতে। দলীয় সূত্র মতে, মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর সঙ্গে জেলার সভাপতি নাদিম মোস্তফার সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতির হয়েও তিনি জেলা বিএনপির রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করায় দলের নেতাকর্মীদের ভেতরে রয়েছে তীব্র ক্ষোভ। এ সুযোগে মিনুকে কোণঠাসা করতে সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফাকে উত্সাহিত করছেন তার সমর্থক নেতাকর্মীরা। তবে নাদিম মোস্তফা মেয়র প্রার্থিতার বিষয় এড়িয়ে বলেন, দল কী সিদ্ধান্ত নিচ্ছে দেখার পর তা জানাবো। তিনি বলেন, আশা করছি দলীয় হাইকমান্ড এমন একজনকে মেয়র প্রার্থী করবেন, যার জন্য মাথা উঁচু করে ভোট চাইতে পারবো। বিএনপি থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও বসে নেই। ইতিমধ্যে তার সমর্থক নেতাকর্মীরাও প্রচারণা চালাচ্ছেন। মিলন তার ও দলের কেন্দ্রীয় নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে মহানগরী জুড়ে রঙিন পোস্টার সাঁটিয়েছেন। তিনি রাজনীতির মাঠে মিনুর ‘অনুগত’ বলে পরিচিত। কিন্তু সুযোগ বুঝে নড়েচড়ে বসছেন। উল্লেখিতরা মেয়র প্রার্থিতার জন্য দলীয় হাইকমান্ডে লবিং করছেন বলে জানা গেছে। মহাজোটের এককপ্রার্থী লিটন: মহাজোটের একক প্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিভিন্ন সভা-সমাবেশে তার উন্নয়নের নানা চিত্র তুলে ধরে আরেকবার মেয়র নির্বাচিত করার জন্য ভোটার প্রতি আহ্বান জানাচ্ছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, মেয়র লিটনই এখন পর্যন্ত মহাজোটের একক প্রার্থী। মহাজোট শরীকদের সঙ্গেও আলোচনা চলছে। মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মিনু ভাই ১৭ বছর মেয়র থেকে রাজশাহী সিটি কর্পোরেশনকে ১৭ কোটি টাকা দেনায় রেখে কারাগারে গিয়েছিলেন। আর তিনি এক মেয়াদেই সেই দেনা পরিশোধ করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত করেছেন। আর নগরবাসীর জন্য কী কাজ করেছেন তা সকলেই জানেন। অতীতে কখনো এত উন্নয়ন রাজশাহীর মানুষ দেখেনি বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে ছাড় দেবে না জামায়াত: অন্যদিকে বিএনপিকে এবার আর ছাড় না দিয়ে জামায়াতে ইসলামী একক মেয়র প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এ ব্যাপারে রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর এমাজউদ্দিন মণ্ডল বলেন, এটি স্থানীয় সরকার নির্বাচন। তাই রাজনৈতিক জোটবদ্ধভাবে প্রার্থী দেয়ার সম্ভাবনা কম। তাছাড়া, এতোদিন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু জামায়াতের ভোটব্যাংক নিয়ে মেয়র ও এমপি নির্বাচিত হয়েও তাদের (জামায়াত) মূল্যায়ন করেননি। এনিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। সেক্ষেত্রে জামায়াত তাদের মেয়র প্রার্থী হিসেবে মহানগরীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. মুহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র পদে মনোনয়ন দেয়ার বিষয়টি ভাবছে। নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ মে’র মধ্যে মনোনয়নপত্র দাখিল, ১৫-১৬ মে যাচাই-বাছাই ও ২৬ মে’র মধ্যে প্রার্থিতা প্রত্যাহার এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৪৮টি, ভোট কক্ষ ৯১০। ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডের মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৮৮৮ (পুরুষ ১ লাখ ৮৩ হাজার ৩৮৬ ও নারী ১ লাখ ৪৩ হাজার ৫০২)।