হেফাজতের সহিংসতার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

গত রবিবার ঢাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে সারাদেশ। ইসলাম রক্ষার নামে সংগঠনটির এই নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) স্থানীয় ১৪ দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। মিছিল-সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে হেফাজতে ইসলামের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের। রাজশাহী : মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ১৪ দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর হয়ে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে মীর ইকবাল ও রফিক উদ্দিন আহমেদ, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, লিয়াকত আলী লিকু প্রমুখ বক্তব্য রাখেন। সিলেট : শহরে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিকালে সিলেট কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তরা বলেন, সহিংসতা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে হেফাজতে ইসলাম সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশব্যাপী হেফজতের নৈরাজ্য রুখতে সবাইকে মাঠে থাকারও আহ্বান জানান। সমাবেশে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগ নেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, শফিকুর রহমান চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন। গোপালগঞ্জ : জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সিকদার নূর মোহাম্মদ দুলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ নেতা ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিনাজপুর : জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ সন্ধ্যায় প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী মিছিলের নেতৃত্ব দেন। রংপুর : শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগসহ ১৪ দল। দুপুরে নগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারী বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান শফিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়ে হেফাজতে ইসলামের কমকাণ্ডকে প্রতিহত করার জন্য দেশের স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জামালপুর : হেফাজতে ইসলামের তাণ্ডব ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট বাকি বিল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ চৌধুরী, রেজা করিম রেজনু, অধ্যাপক সুরুজ্জামান প্রমুখ। একই সময় ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। গাইবান্ধা : দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় জেলা সিপিবির উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ওয়াজিউর রহমান র্যাফেল, সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ। কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরে সকালে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ : বায়তুল মোকাররম মসজিদে আগুন ও কোরআন হাদিস পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ আওয়ামী লীগ। নেত্রকোনা : জামায়াত-শিবির, বিএনপি ও হেফাজতের নৈরাজ্যের বিরুদ্ধে নেত্রকোনায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে শহরে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানসহ অন্য নেতারা বক্তব্য রাখেন। কালিয়াকৈর : উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকালে কালিয়াকৈর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী : বিকালে ১৪ দল রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে সমাবেশে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা ১৪ দল নেতা ফকির আব্দুল জব্বার প্রমুখ বক্তৃতা করেন। এদিকে বিকালে সিপিবি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পথে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সিপিবি নেতা আবুল কালাম, ডা. সুনিল কুমার বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ধুনট (বগুড়া) : উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এলাকায় প্রতিবাদ সভা করে। গফরগাঁও : বিকালে উপজেলা আওয়ামী লীগের এমপি গ্রুপের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে স্থানীয় এমপি ক্যাপ্টেন অব গিয়াস উদ্দিন আহম্মেদ বক্তব্য রাখেন।