বিজ্ঞান ও প্রযুক্তি খাত

মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, এই উদ্যোগ কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে সহায়ক হবে। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মুসলিম বিশ্বের পশ্চাত্পদতা মুসলিম দেশগুলোর সমস্যাকে আরও জটিল করে তুল ছে। এক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এবং নতুন নতুন উদ্ভাবন এ দেশগুলোকে খাদ্য, পানি ও জ্বালানি নিরাপত্তাহীনতা থেকে উত্তরণে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। তিনি সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামিক ওয়ার্ল্ড একাডেমী অব সায়েন্স (আইএএস)’র ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণকালে এ কথা বলেন। আইএএস, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ একাডেমী অব সায়েন্স (বিএএস) যৌথভাবে পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- ‘বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে মুসলিম বিশ্বের আর্থ-সামাজিক উন্নয়ন’। ওআইসি’র মহাসচিব একমেলেদ্দিন ইহসানোগলু, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আইএএস সভাপতি আবদেল সালাম মাজালি ফিয়াস, বিএএস সভাপতি প্রফেসর আহমেদ এ আজাদ ও ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এ কে আজাদ চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আইএএস’র প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক প্রিন্স এল হাসান ইবন তালাল ও আইএএস’র পৃষ্ঠপোষক পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পৃথক পৃথক বাণী পাঠ করা হয়। শেখ হাসিনা বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে অভিজ্ঞতার বিনিময় এবং আইসিটি ক্ষেত্রে সক্ষমতা উন্নয়নে উপযুক্ত কর্মসূচি গ্রহণ ইসলামি বিশ্বকে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে।