ভারতে পাচার হয়ে যাওয়া মহিলা ও শিশু উদ্ধার
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:১১
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে যাওয়া বাংলাদেশি মহিলা ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র টহলদল আটক করার পর বিজিবি এবং বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, গতকাল সোমবার দুপুরে বিরামপুর উপজেলার দাউদপুর বিজিবি ক্যাম্পের পার্শ্বে ফুলবাড়ী ৪০ বিজিবি এবং ভারতের ৯৬ বিএসএফ’র গোবিন্দপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয়ে যাওয়া একজন মহিলা ও ১টি শিশু এবং পাচারকারী ১ ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মহিলা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছোট ডাব গ্রামের মুক্তার হোসেনের কন্যা শিউলী আখতার (২২) এবং সাড়ে ৪ বছরের শিশু নীলফামারী সদর উপজেলার কাজিহাট গ্রামের জসিউল ইসলামের পুত্র জোনায়েদ সিদ্দিক। এই ২ জনকে বাংলাদেশি পাচারকারী দলের সদস্যরা গত ৫ মে ভোরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর গ্রামের আবুল হোসেন মোল্লার পুত্র ওসমান আলী বাবুর (৩০) নিকট বিক্রি করে দেয়। বিষয়টি ফুলবাড়ী ৪০ বিজিবি’র অধিনায়ক অবগত হয়ে তারবার্তার মাধ্যমে তাত্ক্ষণিক ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ৯৬ বিএসএফ’র অধিনায়ককে অবগত করে তাদের ফেরত দেয়ার জন্য অনুরোধ জানান। গতকাল সোমবার ভোরে বিএসএফ’র অভিযান টিম পাচার হয়ে যাওয়া মহিলা ও শিশু এবং ভারতীয় পাচারকারী দলের সদস্য ওসমানকে ভারত হিলি এলাকা থেকে আটক করে। অপহূত ২ জন ও পাচারকারী ১ জনকে দুপুরে দাউদপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।