পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণে নিহত ১৫
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:২৪
পাকিস্তানে একটি নির্বাচনী সমাবেশে বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪২ জন। গতকাল সোমবার উপজাতি অধ্যুষিত কুরাম অঞ্চলের পারা চামকানি এলাকার সেওয়াক গ্রামে জামিয়াত উলেমা-ই-ইসলামের সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন এর।
স্থানীয় এক অধিবাসী জানান, সমাবেশ চলাকালে বিস্ফোরণটি ঘটানো হয়। জামিয়াত উলেমা-ই-ইসলামের সাবেক সংসদ সদস্য মুনির খান ওরাকজাইয়ের সমাবেশ চলছিল। তিনি আগামী শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় পরিষদের নির্বাচনে ৩৮ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বক্তৃতা শেষে সমাবেশ মঞ্চ থেকে নামার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। মুনির খানের ভাই আব্দুল কাদির ওরাকজাই জানিয়েছেন, মুনির খান সামান্য আহত হয়েছেন। এছাড়া দলটির প্রার্থী আয়েনউদ্দিন সাকিরও এ বিস্ফোরণে আহত হয়েছেন। তবে তারা দু’জনই আশঙ্কামুক্ত।