লাগাতার ধর্মঘটে অচল বেনাপোল স্থল বন্দর
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:২৪
বকশিশ এর নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে যশোরের বেনাপোল বন্দরে ৬টি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে। এ কারণে গতকাল সোমবারও পণ্য লোড-আনলোডসহ দুই দেশের মধ্যে এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। গত রবিবার এই কর্মবিরতি শুরু করে সংগঠনগুলো। এতে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান জানান, বন্দর থেকে আমদানিকৃত পণ্য চুরি, লোড-আনলোডে অতিরিক্ত অর্থ আদায় ও হ্যান্ডলিং শ্রমিকদের বকশিশের নামে জোর করে চাঁদাবাজি বন্ধের আল্টিমেটাম দেয়া সত্ত্বেও কোন প্রতিকার না হওয়ায় আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ডেকেছি। চাঁদাবাজি বন্ধ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে তিনি জানান।
বন্দরের পরিচালক তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে লেবাররা প্রতিটি পণ্য চালানে লোড-আনলোডের সময় ট্রাক থেকে জোর করে অতিরিক্ত টাকা আদায় করছে বলে শুনেছি। এর প্রতিবাদে বন্দর ব্যবহারকারী ৬টি সংগঠন লাগাতার কর্মবিরতি ডাকায় কাজ-কর্ম বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন জানান, কাস্টমস হাউজ থেকে আমদানিকৃত পণ্য ছাড় করানোর সকল কাজকর্ম বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় ১১ কোটি টাকা রাজস্ব আদায় না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার।
কর্মবিরতি ডাকা সংগঠনগুলো হলো: সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, যশোর চেম্বার অব কমার্স, বেনাপোল ট্রাক মালিক সমিতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার্স এন্ড এক্সপোর্টাস এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন।