ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ওপেন হাউজে উত্সাহীদের ভিড়
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:৫৪
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে শনিবার অনুষ্ঠিত দিনব্যাপী ওপেন হাউজে বিপুল সংখ্যক উত্সাহী মানুষের সমাগম ঘটে। ‘কালচারাল ট্যুরিজম ডিসি’ নামক ওয়াশিংটন ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন দেশের লোকজন অংশগ্রহণ করে। এই ওপেন হাউজ আয়োজনের মাধ্যমে কালচারাল ট্যুরিজম ডিসি ওয়াশিংটনে অবস্থিত দূতাবাসসমূহের সাথে যোগ দিয়ে বিশ্বের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরে। ষষ্ঠ বারের মতো বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানটির আয়োজন করেছে। এখানে উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দফতর কালচারাল ট্যুরিজম ডিসির পাসপোর্ট ডিসি নামক কর্মসূচির সম্মানে মে মাসকে আন্তর্জাতিক সাংস্কৃতিক সচেতনতা মাস হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও তার পত্নী রিফাত সুলতানা আকরাম এবং দূতাবাসের অন্য কর্মকর্তাগণ আগত অতিথিদের অভ্যর্থনা জানান। দিনের কর্মসূচির মধ্যে ছিল বাংলাদেশের হস্তশিল্প ও রফতানিযোগ্য পণ্য প্রদর্শন এবং দ্রুপদ সাংস্কৃতিক সংগঠন ও প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। খ্যাতনামা শিল্পী অধ্যাপক মতলুব আলীর একক চিত্র প্রদর্শনী ‘আত্ম-পরিচয়ের সন্ধান’ শিরোনামে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গৌরবময় দিক এবং লোকজ ঐতিহ্য চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়। অতিথিগণ বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার গ্রহণ করেন। অনুষ্ঠানটিতে এ বছর প্রায় তিন হাজারেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি