হেফাজত মহাসচিব জুনায়েদ বাবুনগরী ঢাকায় গ্রেফতার

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গতকাল সোমবার রাত আটটার দিকে পুলিশ গ্রেফতার করেছে। পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুনুর রশীদ ইত্তেফাকের কাছে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়ে হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, রবিবারের ধ্বংসযজ্ঞের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বাবুনগরীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হেফাজতের ৪০ কর্মীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ১২ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছে রাজধানীর রমনা ও শাহবাগ থানা পুলিশ। এছাড়া পল্টন থানা পুলিশ ১৬ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করে। তিন থানায় মোট ৫৬ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান গতকাল সন্ধ্যায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন বিচারক। রমনা থানা পুলিশ ২০ জনকে আদালতে হাজির করে ৭ দিন এবং শাহবাগ থানা পুলিশ ২০ জনকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। এছাড়া পল্টন থানা পুলিশ ১৬ জনকে আদালতে হাজির করে। তবে পল্টন থানা পুলিশ এ আসামিদের রিমান্ডে নেয়ার আবেদন করেনি। এ আসামিদের গত রবিবার পুলিশের কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে গ্রেফতার করে। যাদের গ্রেফতার করা হয়েছে তারা সবাই হেফাজতের কর্মী।