আজ আহসান উল্লাহ মাস্টারের নবম শাহাদাত্ বার্ষিকী

মঙ্গলবার প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের নবম শাহাদাত্ বার্ষিকী। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে গাজীপুর মহানগরের পূবাইলের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া মিলাদ ও দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল এমপি গ্রামের বাড়ি হায়দরাবাদসহ টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিকলীগসহ সকলকে শাহাদত্ বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ এবং মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।