অবরোধে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, আগুন

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি ও সমাবেশ চলাকালে বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত বাণিজ্যিক ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অগ্নি সংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এসব প্রতিষ্ঠান। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে প্রতিষ্ঠানগুলো নিশ্চিত করতে পারেনি। জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখা ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে আগুন দেয়ায় এ দুই প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছে। গতকাল মতিঝিল, দিলকুশা ও পল্টন এলাকা ঘুরে দেখা গেছে, ব্র্যাক ব্যাংকের মতিঝিল শাখা ও শাখার সঙ্গে স্থাপিত পাঁচটি এটিএম বুথ, ইস্টার্ন ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা, প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা ও শাখা সংলগ্ন এটিএম বুথ, উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়, শাহজালাল ইসলামী ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, ইসলামী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা, ব্যাংক এশিয়ার ইসলামী ব্যাংকিং প্রিন্সিপাল অফিস শাখা ও দিলকুশা শাখা, ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখা, সিটি ব্যাংকের মতিঝিল শাখা, মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা, স্ট্যান্ডার্ড ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য শাখা, আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখাসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা প্রতিষ্ঠানে ভাঙচুর পাওয়া গেছে। এসব ভবনের সামনের গ্লাস ইট-পাটকেল নিক্ষেপের ফলে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ভবনের সামনের গ্লাস ভেঙ্গে দেয়া হয়েছে, জ্বালিয়ে দেয়া হয়েছে পুরানা পল্টনে অবস্থিত হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের প্রধান কার্যালয় বায়তুল ভিউ টাওয়ার, বায়তুল মোকাররম মার্কেটের বিভিন্ন দোকান, হোটেল মধুমতিসহ বেশকিছু প্রতিষ্ঠান। অন্যদিকে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মতিঝিলের কাস্টমার কেয়ার সার্ভিস, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ভবন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নতুন ও পুরাতন ভবনে ভাঙচুর করেছে হেফাজতের কর্মীরা। ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখা। হেফাজতে ইসলাম কর্মীদের দেয়া আগুনে এ অফিসের মূল্যবান কাগজপত্র, আসবাবপত্র, কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এজন্য এ শাখার ব্যাংকিং কার্যক্রম আপাতত বন্ধ রেখে বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখায় লেনদেন করার জন্য গ্রাহকের প্রতি অনুরোধ জানিয়েছে ব্যাংকটি। পুরানা পল্টন শাখার পাশাপাশি ব্যাংকটির লোকাল অফিস, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, দিলকুশা কর্পোরেট শাখা, ওয়াসা কর্পোরেট শাখা, প্রধান কার্যালয় ভবন ও কয়েকটি এটিএম বুথে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে হেফাজত কর্মীরা। গতকাল সকালে জনতা পুড়ে যাওয়া এই শাখা পরিদর্শন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে আবুল বারকাত সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামের প্রশিক্ষিত জঙ্গিরা জনতা ব্যাংকসহ বিভিন্ন শাখায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। জনতা ব্যাংকের পুরানা পল্টন শাখা জ্বালিয়ে দেয়া হয়েছে। এখানকার টাকার ভল্ট বাদে সবই পুড়ে গেছে। হেফাজতের টার্গেট ছিল ভল্ট ধ্বংস করা। কেননা তাদের ধারণা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা যাবে। তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়। দেশের অর্থনীতির স্বার্থে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় কোন ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার কার্যকর ব্যবস্থা নিতে সরকারের নিকট আহ্বান জানিয়েছেন আর্থিকখাতের সংশ্লিষ্টরা। এবিষয়ে এফবিসিসিআই সভাপতি ও বিএবি’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে এ এলাকায় আগামীতে এখানে যেন কোন দলকে সমাবেশ করতে দেয়া না হয় সেজন্য আমরা ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবি’র নেতাদের নিয়ে বৈঠক করে সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরবো। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি’র চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যাংকের কর্তৃপক্ষকে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ এ এলাকাকে বর্তমানে সমাবেশের কেন্দ্রস্থল হিসেবে বাছাই করছেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। ফলে অর্থনৈতিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা দুশ্চিন্তায় পড়েছেন।