হেফাজতের দোয়া দিবস আজ
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:৫৮
হেফাজাতে ইসলামের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, মতিঝিলে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে মধ্যরাতে নিরীহ জনতার উপর বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে। এতে তাদের অসংখ্য কর্মী নিহত ও আহত হয়েছে। শহীদদের লাশ পিকআপ, এ্যাম্বুলেন্স ও ট্রাকে করে গুম করেছে সরকার। তারা বলেন, এদেশের জনগণ এই বিভত্স ও নারকীয় হত্যাযজ্ঞ বরদাশত করবে না। এর জবাব ক্ষমতাসীনরা অবশ্যই পাবে। নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের রোগ মুক্তির জন্য এবং আল্লাহর দরবারে এই জঘন্য হত্যাযজ্ঞের বিচার চেয়ে খতমে বুখারী, খতমে কুরআনসহ বিভিন্ন খতম পড়ে আজ সারাদেশে বিশেষ দোয়া করার জন্য হেফাজত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল এক যৌথ বিবৃতিতে ধর্মভিত্তিক এই সংগঠনের নেতারা এই আহবান জানান। তারা আরো বলেন, হেফাজাতে ইসলাম জ্বালাও পোড়াও ও অগ্নিসংযোগে বিশ্বাস করেন না। বায়তুল মোকাররম এলাকায় যে তাণ্ডব হয়েছে তা সরকার দলীয় ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা করেছে বলে তারা দাবি করেন।
বিবৃতি প্রদানকারীরা হলেন- সংগঠনের ঢাকা মহানগরের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ নেজামী, সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী, প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।