বিজেপির হুঁশিয়ারি

ভারতের দুই মন্ত্রীকে বরখাস্ত না করলে সংসদ কার্যকর নয়

ভারতের আইনমন্ত্রী এবং রেলমন্ত্রীকে বহিষ্কার না করলে সংসদের কার্যক্রম চলতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল সোমবার এ দাবিতে বিরোধী দল হৈচৈ শুরু করলে সংসদের অধিবেশন মুলতবি করা হয়। খবর এনডিটিভির। লোকসভার বিরোধী দলীয় নেতা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ সংসদের বাইরে এসে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে হুমকি দিয়ে বলেন, সংসদ সচল রাখতে হলে আইনমন্ত্রী অশ্বিনী কুমার এবং রেলমন্ত্রী পবন কুমার বানশালকে সরাতে হবে। তা না হলে সকল বিরোধী দল সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি জানান। গতকাল সংসদের অধিবেশনে খাদ্য নিরাপত্তা বিল এবং জমি অধিগ্রহণ বিল উত্থাপন করা হয়। এর কিছুক্ষণ পরই বিরোধীরা দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে হৈচৈ শুরু করলে অধিবেশন মুলতবি করা হয়। সুষমা স্বরাজ বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দুটি বিল পাস করা উচিত হবে না। গতকাল রাজ্যসভার অধিবেশনও স্থগিত করা হয়। আইনমন্ত্রীর বিরুদ্ধে কয়লা খনি কেলেঙ্কারি এবং রেলমন্ত্রীর বিরুদ্ধে ভাগনের ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করছেন বিরোধীরা।