এক মাস পর মুক্ত মির্জা ফখরুল

এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গতকাল সোমবার সন্ধ্যা ৬টার কয়েক মিনিট আগে বঙ্গবন্ধু। শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে তিনি মুক্তি পেয়ে উত্তরার বাসায় যান। রাতেই দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশানের কার্যালয়ে যাওয়ার কথা মির্জা ফখরুলের। মুক্তি পাওয়ার পর মির্জা ফখরুলকে স্বাগত জানাতে প্রিজন সেলের সামনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আব্দুস সালাম, দলীয় নেতা বরকত উল্যাহ বুলু এমপি, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, এডভোকেট সানাউল্যাহ মিয়া প্রমুখ। গত ৭ এপ্রিল মির্জা ফখরুলসহ বিএনপির ৭ শীর্ষ নেতা পৃথক কয়েকটি মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়। পাঁচ মামলায় গত রবিবার মির্জা ফখরুলকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। অসুস্থ থাকায় আদালতের নির্দেশে গত ২৪ এপ্রিল থেকে তিনি কারা হেফাজতে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন।