হেফাজতের উপর হামলা ২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে :জামায়াত
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২২:৫৯
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ গত রবিবার হেফাজতে ইসলামের সমাবেশে পুলিশ, র্যাব, বিজিবি হামলা চালিয়ে হতাহত ও লাশ গুম করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে গভীর রাতে পুলিশ, র্যাব, বিজিবি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ১৪ দল যে বর্বরোচিত হামলা ও গণহত্যা চালিয়েছে তা ২৫ মার্চের কাল রাতকেও হার মানিয়েছে।
তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন তাদের দাবি ছিল না। তারা বার বার বলে আসছে, কোনো দলকে ক্ষমতা থেকে নামানো বা কাউকে ক্ষমতায় বসানোর জন্য তাদের আন্দোলন নয়। তাদের আন্দোলন আল্লাহ, নবী, রাসূল (সা.) ও ইসলামকে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে। তারা ১৩ দফা যৌক্তিক দাবি সরকারের নিকট পেশ করেছিল; কিন্তু সরকার দাবি প্রত্যাখ্যান করে গভীর রাতে শান্তিপূর্ণ সমাবেশে যে হামলা চালিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। -প্রেস বিজ্ঞপ্তি