ব্যবসা-বাণিজ্যে ত্রিশংকু দশা

ত্রিশঙ্কু অবস্থার মধ্যে পড়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। একদিকে হরতাল-অবরোধ, অপরদিকে সমুদ্র বন্দর ও স্থলবন্দরে ধর্মঘট, অন্যদিকে কারখানাগুলোয় শ্রমিক বিক্ষোভের কারণে পণ্য পরিবহন ব্যাহত হবার পাশাপাশি উত্পাদন বিঘ্নিত হচ্ছে। উদ্যোক্তারা আমদানি করা পণ্য যেমন কারখানায় নিতে পারছেন না, আবার তৈরি পণ্য রপ্তানির জন্য বন্দরেও পাঠাতে পারছেন না। পণ্যবাহী গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের কারণে অনেক ব্যবসায়ী সাহস করে পণ্য পরিবহন করছেন না। এতে করে কারখানাগুলোর উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং ব্যাংক ঋণের কিস্তি সময়মতো পরিশোধে অনেক শিল্প মালিককে হিমশিম খেতে হচ্ছে। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারে রানা প্লাজা ধসের পর অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকা এবং এর আশপাশ এলাকার কারখানাগুলোতে চারদিন উত্পাদন বন্ধ থাকে। ওই এলাকা থেকে অনেক উদ্যোক্তা তাদের পণ্য রপ্তানির উদ্দেশ্যে পাঠাতে পারেননি। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও গত দুই দিন পরিস্থিতি আবারো অবনতি হতে থাকে। হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ে। এ দুই দিন কার্যত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ থাকে। একটি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, চট্টগ্রামের একটি বেসরকারি কন্টেইনার টার্মিনাল থেকে আমদানি করা সুতা নিয়ে তার গাড়ি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে ফৌজদারহাটের সামনে কতিপয় দুর্বৃত্ত তার গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ওই জায়গায় অন্তত ১২ থেকে ১৩টি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। স্থানীয়দের সহায়তায় গাড়িগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অবস্থা বেগতিক দেখে সুতার আমদানিকারক চট্টগ্রামের কোনো একটি গোডাউনে পণ্য রেখে দেয়ার জন্য তাকে নির্দেশ দিয়েছেন। এদিকে হরতাল এবং নানা রাজনৈতিক কর্মসূচির কারণে মার্চের ৩১ দিনের মধ্যে ২২ দিনই কর্মহীন কেটেছে উদ্যোক্তাদের। আর এপ্রিলে হরতাল এবং ছুটি মিলিয়ে কর্মহীন কেটেছে ১৫ দিন। এতে ব্যবসায়ীদের আমদানি করা পণ্য পড়ে থাকে বন্দরে। রপ্তানি পণ্যের স্তূপ পড়ে কারখানায়। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে বলে বিদেশি জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে আসতে চাইছে না। ব্যবসায়ীদের হিসেবে হরতালের কারণে দেশের প্রধান খাতগুলো দৈনিক ১ হাজার ৬শ কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়েছে। জানা গেছে, ধর্মঘটের কারণে বেনাপোল স্থল বন্দরে পণ্য খালাস না হওয়ার কারণে উদ্যোক্তারা প্রতিদিন লোকসান গুনছেন। আমদানিকৃত পণ্যের মধ্যে যেমন কাঁচামাল রয়েছে তেমনি বিভিন্ন কারখানার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশও রয়েছে। এসব যন্ত্রাংশ প্রতিস্থাপন করতে না পারার কারণে কারখানার উত্পাদন বন্ধ রয়েছে। এদিকে হরতালের কারণে অনেক কারখানায় তৈরি পোশাকের স্তূপ জমা হয়ে আছে। সময়মতো রপ্তানি করতে না পারার কারণে অনেকের অর্ডার বাতিল হয়েছে। এ বিষয়ে নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ-এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রতিদিনই কারো না কারো পণ্য এয়ার শিপমেন্ট হচ্ছে। অনেকে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে পারছেন না। এতে অর্ডার বাতিল হচ্ছে। অনেক ক্রেতা ডিসকাউন্টও দাবি করছেন। তিনি রপ্তানির সাথে সংশ্লিষ্ট পরিবহনসহ অন্যান্য সেবা হরতালের আওতামুক্ত রাখার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানান। চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম বন্দরে সাম্প্রতিক লাইটারেজ শ্রমিক ধর্মঘট ও টানা হরতালের জের এখনো কাটেনি। বন্দর ইয়ার্ডে কনটেইনার জট বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর ও চট্টগ্রাম বন্দরে চলাচলকারী ফিডার ভেসেলের স্বাভাবিক চলাচল নিয়েও সংশয় দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিঙ্গাপুর বন্দরে ইমপোর্ট কার্গো জট সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম বন্দরের কর্মকাণ্ডে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সাম্প্রতিক লাইটারেজ ধর্মঘট ও টানা হরতালের কারণে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে জট সৃষ্টি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এ জটের কথা স্বীকার করতে চান না। তিনি জানান, আগে আমরা ৩৬ ঘণ্টায় কনটেইনার খালাস করতাম, ৩৬ ঘণ্টার মধ্যে আবার কনটেইনার লোড করা হতো; কিন্তু এখন ৪৮ ঘণ্টা লাগছে খালাস করতেই। তিনি আরো বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার অজুহাত দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে অফডকওয়ালারা।