মঞ্চ ভেঙে আমাদের দমিয়ে রাখা যাবে না
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২৩:০০
রবিবার রাতে পুলিশ গণজাগরণ মঞ্চ ভেঙে দিয়েছে। এদিকে ঢাকা শহরে মধ্যরাত পর্যন্ত সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ থাকায় গতকাল সোমবার গণজাগরণ মঞ্চের কোনো কর্মসূচি ছিল না। তবে পরবর্তী সময়ে আন্দোলন চলবে বলে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
গতকাল দুপুরে টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, অধ্যাপক এস এম ইনামুল হকসহ গণজাগরণ মঞ্চের সংগঠক ও নেতাকর্মীরা।
সাংবাদিক সম্মেলনে ডা. ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চ কোনো নির্দিষ্ট জায়গায় হয়নি। এটি মানুষের ঐক্যের ফসল। তাই এক মঞ্চ ভেঙ্গে আমাদের দমিয়ে রাখা যাবে না। মঞ্চ অটুট আছে। আন্দোলন চলবেই। গণজাগরণ মঞ্চ যেমন ছিল তেমনই থাকবে।
ইমরান বলেন, সরকারের প্রজ্ঞাপনের প্রতি শ্রদ্ধা রেখে নিষেধাজ্ঞা চলাকালীন আমরা কোনো ধরনের কর্মসূচিতে যাচ্ছি না। তবে রবিবার কর্মসূচি শেষে হেফাজত যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং সাধারণ মানুষকে আক্রমণ করেছে গণজাগরণ মঞ্চ তার তীব্র নিন্দা জানায়।
ডা. ইমরান বলেন, এই সংকটময় পরিস্থিতিকে সরকার যেভাবে দক্ষতা এবং বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণে এনেছে, সেজন্য গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। তবে অভিমানের সুর রয়েই যায়। কেননা, যখন সারারাত ধরে আমরা ভেবেছিলাম সকালে কিভাবে সরকারকে অভিনন্দন জানানো যায়, সেই মুহূর্তেই জানলাম অভিনন্দন জানানোর মঞ্চটিই নেই, যা আমাদেরকে হুমকির সম্মুখীন করেছে।