ঢাকা অবরোধের প্রতিক্রিয়া
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২৩:০১
০ ব্রিটিশ হাইকমিশনারের মতে সাধারণ মানুষ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে
০ মার্কিন রাষ্ট্রদূতের মতে সহিংসতা দুঃখজনক ও অগ্রহণযোগ্য
হেফাজতে ইসলাম বাংলাদেশের ৫মে’র ঢাকা অবরোধ কর্মসূচির দিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সহিংসতায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র গতকাল সোমবার ইত্তেফাক প্রতিনিধির প্রশ্নের জবাবে বলেন, ‘সহিংসতা খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য’।
এছাড়া মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সোমবার বিকালে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংঘাতকে সমর্থন করি না এবং যুক্তরাষ্ট্র সংঘাতের বিরোধী। তিনি বলেন, সংঘাত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক প্রক্রিয়া সংঘাতকে সমর্থন করে না। তিনি বলেন, প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। কিন্তু কারোরই সহিংসতা চালানোর অধিকার নেই। তাই আমরা সংঘাতমূলক আচরণের বিরোধিতা করি। আর আমি বারবার বড় দলগুলোর নেতাদের বলছি, আপনারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখুন ও আলোচনায় বসুন। পররাষ্ট্র সচিবের সঙ্গে ড্যান মজীনা আগামী ২৬ ও ২৭ মে ঢাকায় অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ এবং গার্মেন্টস শিল্পের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিব্সন ইত্তেফাক প্রতিনিধির জিজ্ঞাসার জবাবে বলেন, ঢাকার রাজপথে আবারো জীবন হানির ঘটনা দুঃখজনক। প্রতিটি নাগরিকের আইনানুগ ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সরকারের জবাবদিহিতা আদায়ের অধিকার আছে। কিন্তু আমরা সব দল ও পক্ষকে সহিংসতা বা শক্তি প্রযোগ থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি। সংঘর্ষ বা মারমুখী অবস্থানের বিকল্প হিসেবে সংলাপকে বেছে নিতে হবে। হরতাল বা অন্য ধরনের ধ্বংসকারী কর্মসূচির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব খুব বেশি। সাধারণ মানুষ, ব্যবসা-বাণিজ্য এবং সর্বোপরি দেশ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।