রবীন্দ্রমেলায় ড. আনিসুজ্জামানকে আজীবন সম্মাননা
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২৩:০১
কাল বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ জন্মজয়ন্তী। অষ্টমবারের মতো আয়োজিত রবীন্দ্রমেলায় আজীবন সম্মাননা ভূষিত করা হয়েছে বাংলা একাডেমী সভাপতি ইমেরিটাস প্রফেসর ড. আনিসুজ্জামানকে। এই উপলক্ষে চ্যানেল আই এবারও তাদের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করেছে। গতকাল সোমবার তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে দুইদিন আগে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা স্বরূপ আনিসুজ্জামানের হাতে সম্মাননা স্মারক, অর্থমূল্য এক লাখ লাখ টাকার চেক ও উত্তরীয় পরিয়ে দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আনিসুজ্জামান প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রবীন্দ্রমেলা সম্মাননা প্রাপ্তিতে অত্যন্ত গৌরববোধ করছি।
এর আগে রবীন্দ্রমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার বেলা ১১টা ৫ মিনিটে এক ঝাঁক পায়রা আকাশে অবমুক্ত করার মধ্য দিয়ে শুরু হবে মেলার আনুষ্ঠানিকতা। পরে ভবনের খোলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চ থেকে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। মেলায় ক্ষুদ্র ও কুঠিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত করবে রবীন্দ্র গ্রন্থ, রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা ও রবীন্দ্র সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, রবীন্দ্র পোশাক, রবীন্দ্রনাথ সংক্রান্ত ভিডিও সিডি, রবীন্দ্র সঙ্গীতের গানের স্টল, রবীন্দ্র চলচ্চিত্র প্রদর্শনী, ঠাকুর বাড়ির রূপসজ্জা ইত্যাদি। চ্যানেল আই একটানা পাঁচ ঘণ্টা সরাসরি সমপ্রচার করবে মেলার কার্যক্রম।