হামলায় হেফাজতের জঙ্গিরূপ প্রকাশ পেয়েছে
প্রকাশ : ০৬ মে ২০১৩, ২৩:০১
আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতৃবৃন্দ বলেছেন, সরকার, বিরোধীদল ও রাজনীতিবিদরা বুঝতে পারেননি যে হেফাজত ইসলাম প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তারা ধর্মের দোহাই দিয়ে অতীতেও এদেশে জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা করেছে, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নিরীহ মুসলমানদের হত্যা করেছে। ঢাকায় তাদের জঙ্গিবাদী তত্পরতা দেখে দেশের মানুষ তাদের আসল চেহারা চিনে গেছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, পবিত্র কোরআন ও হাদিস শরীফ এবং হযরত গোলাপ শাহ (রহ:)-এর মাজারও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের এখনই দমন না করলে জাতিকে চরম মূল্য দিতে হতে পারে।
গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আহলে সুন্নাত ওয়াল জমা’আত আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ একথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমন্বয় কমিটির সদস্য সচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন শায়কুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, মাওলানা এমএ মতিন, স.উ.ম আব্দুস সামাদ, পেয়ার মুহাম্মদ, মুফতি সৈয়দ অছিউর রহমান, কাজী মঈনুদ্দীন আশরাফী, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যক্ষ ইয়াকুব আলী খান, মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা রেজাউল করিম তালুকদার, নুরুল ইসলাম জেহাদী, সাদেক হোসেন পাপ্পু, মাওলানা জাকের হোসাইন, মাস্টার আবুল হোসাইন প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ও বিরোধী দলের আশ্রয়-প্রশ্রয়ে হেফাজত দেশে জঙ্গিবাদের বিস্তারে সাহস পাচ্ছে। সরকার তাদের কওমী-ওহাবী পরিচয় আড়াল করার অপচেষ্টা করে মূলত তাদের অপরাধ ধামা-চাপা দেয়ার প্রয়াসে লিপ্ত রয়েছে।