আটক নয়, শফীকে বিমানে চট্টগ্রাম পাঠালো পুলিশ

হেফাজতে ইসলামীর আমীর শাহ আহমদ শফিকে আটক করেনি পুলিশ। গতকাল তাকে হেফাজতের ঢাকা কার্যালয় থেকে একটি গাড়িতে করে তুলে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। পরে সন্ধ্যা ৬টার একটি ফ্লাইটে তাকে চট্টগ্রাম পাঠিয়ে দেয়া হয়। এ সময় তার সঙ্গে ছেলেসহ চারজন সহকর্মী ছিলেন। এদিকে পুলিশী প্রহরায় গাড়িতে তোলার পর চারদিকে গুজব ছড়িয়ে পড়ে আহমদ শফি গ্রেফতার হয়েছেন। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। তার ইচ্ছে অনুযায়ী চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে তাকে কঠোর নিরাপত্তায় হাটহাজারী মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। লালবাগে হেফাজতের ঢাকা কার্যালয় গতকাল সোমবার সকাল থেকেই ঘিরে রেখেছিল র্যাব ও পুলিশ। বেলা সোয়া তিনটার দিকে তাকে একটি লাল গাড়িতে উঠিয়ে নেয় পুলিশ সদস্যরা। এরপরই সেখানে দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগ উপ-কমিশনার হারুনুর রশীদ ইত্তেফাককে বলেন, ‘হুজুরের ইচ্ছে অনুযায়ী তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তিনি বাড়ি যাবেন।’ তবে হেফাজতের কার্যালয়ে পুলিশ তল্লাশী চালালেও কোন কিছু উদ্ধার হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলেননি। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ইত্তেফাককে বলেন, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আহমদ শফী। রিজেন্ট এয়ারওয়েজের একজন কর্মকর্তা জানান, বিকেল সাড়ে তিনটায় তাদের চট্টগ্রামগামী ফ্লাইটে হেফাজতে ইসলামের পাঁচ জনের টিকিট কাটা হয়েছে। ফ্লাইটটি বিলম্বিত হয়ে ৫ টায় ছাড়ার সিদ্ধান্ত হয়। তখন ফ্লাইট বাতিল হয়। পরে সন্ধ্যা ৬টায় ফ্লাইট ছেড়ে যায়। শাহ আহমদ শফী ছাড়াও এ ফ্লাইটে যান তার ছেলে আনাস আহমদ, আল্লামা সাইফুল্লাহ, তাওহীদ ও হোসেইন আহমেদ। বিমানটি উড্ডয়নের পরই বিমানবন্দর ছাড়ে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। এর আগে সকাল থেকেই লালবাগে হেফাজতে ইসলামের ঢাকা কার্যালয়ের আশপাশে প্রচুর র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের একটি দল কার্যালয়ের ভেতরে ঢুকে আহমদ শফীর সঙ্গে কথা বলেন। পরে পুলিশ কর্মকর্তারা তাকে গাড়িতে তুলে দেন। এমন সময় হেফাজতের নেতাকর্মীরা জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ৫৭, কাজী রেয়াজউদ্দিন রোডের এ ভবনটি মূলত বিএনপির শরিক ইসলামী ঐকজোটের কেন্দ্রীয় কার্যালয়। চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলামও এ ভবনকে তাদের ঢাকা শাখার কার্যালয় হিসেবে ব্যবহার করে। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী রবিবার মতিঝিল-পল্টনে সংঘর্ষের সময় থেকেই এ কার্যালয়ে অবস্থান করছিলেন। মাঝে মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশে অংশ নিতে রওনা দিয়েও ফিরে আসেন তিনি। ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজতে ইসলামের অবরোধে রবিবার ভোর থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। শাপলা চত্বরে সমাবেশ চলার মধ্যেই বায়তুল মোকাররম মসজিদকে ঘিরে পল্টন, গুলিস্তান, বিজয়নগর, কাকরাইল ও নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হেফাজতকর্মীরা। দফায় দফায় সংঘর্ষে কয়েকজন নিহত হন। পরে শাপলা চত্বরে টানা অবস্থানের ঘোষণা দেয়া হেফাজতে ইসলামের কর্মীদের গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে মতিঝিল থেকে উত্খাত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।