নিকৃষ্টতম গণহত্যা চালিয়েছে সরকারের পেটোয়া বাহিনী

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকে গত রবিবার ঢাকা অবরোধ কর্মসূচিতে সরকারের পেটোয়া বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ ও শাহবাগী নাস্তিকরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা সংঘটিত করেছে। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের কোনও সম্পর্ক নেই। গতকাল সোমবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার নজীরবিহীনভাবে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে পুলিশ, বিজিবি, র্যাব ছাড়াও প্রচুরসংখ্যক বিদেশি সশস্ত্র লোক দিয়ে আচমকা সমাবেশস্থলে ব্রাশ ফায়ার শুরু করে। তাতে হেফাজতের দুই সহস্রাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘আহতের সংখ্যা আড়াই হাজারের মতো। অনেক লাশ গুম করা হয়েছে। সিটি কর্পোরেশনের ময়লা বহনের গাড়িতে করে বিপুলসংখ্যক লাশ সরিয়ে ফেলা হয়েছে। আমাদের বহু নেতাকর্মীর এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না।’ বিবৃতিতে আরো বলা হয়, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফজরের নামাজের পর থেকেই দুই হাজার র্যাব-পুলিশ-বিজিবি লালবাগ মাদরাসায় ঘেরাও করে রেখেছে। ফলে গতকাল সকাল ১১টায় সাংবাদিক সম্মেলন করে জাতিকে দিকনির্দেশনা দেয়াও সম্ভব হয়নি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে তাওহীদি জনতাকে রাজপথে অবস্থান নেয়ার জন্য নির্দেশ দেয়া গেল। বিবৃতিতে দাবি করা হয়, অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের ঘটনার সঙ্গে হেফজাতে ইসলামের সামান্যতম সম্পর্কও নেই। সারা দেশ থেকে ঢাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জায়নামাজ, তাসবীহ, মিসওয়াক নিয়েই গেছেন। তাদের দ্বারা কোনোভাবেই বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গাছ কেটে রাস্তায় ফেলে রাখা সম্ভব নয়। বিবৃতিতে বলা হয়, ‘প্রকৃত সত্য হলো, হেফাজতে ইসলামের সমাবেশে নজীরবিহীন পৈশাচিক হত্যাকাণ্ডকে বৈধতা দেবার অপচেষ্টা হিসেবেই এসব দুষ্কর্মের দায় হেফাজতের ঘাড়ে চাপানো হচ্ছে।’ বিবৃতিতে বলা হয়, ‘আমরা অবিলম্বে এই গণহত্যার বিচারবিভাগীয় তদন্তসাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।’ বিবৃতিতে বলা হয়, গতকাল বিকেল সাড়ে তিনটায় হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে গ্রেফতার করে সরকার নিজের পতন ঘণ্টা বাজিয়েছে। দেশের তাওহীদি জনতা ১৩ দফা দাবি আদায়ের পাশাপাশি আল্লামা আহমদ শফীর গ্রেফতারের সমুচিব জবাব দেবে।